বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উপকূলের দিকে এগিয়ে আসছে। ঝড়ের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টায় প্রবল ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৭০ কিলোমিটার এবং পায়রা থেকে ১ হাজার ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঝড়টি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামীকাল শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঝড়ের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
ঝড়ের প্রভাবে আজ থেকে বরিশাল ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে, সবচেয়ে বেশি বৃষ্টি হবে আগামীকাল ও পরশু। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় গতকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে।

খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।

















