কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকলের আশঙ্কায় অভূতপূর্ব কড়াকড়ির মধ্যে দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে বার্ষিক কলেজ ভর্তি পরীক্ষা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশজুড়ে ১ হাজার ৩১২টি কেন্দ্রে পরীক্ষায় বসেছেন ৫ লাখ ৫১ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী।
‘সুনেউং’ নামে পরিচিত কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট (সিএসএটি) সকাল ৮টা ৪০ মিনিটে শুরু হয়ে বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে। পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১১ ডিসেম্বর।
এ বছর পরীক্ষায় নকল ঠেকাতে প্রায় ৭৫ হাজার নিয়মিত তত্ত্বাবধায়কের পাশাপাশি আরও ৮ হাজার ৪০০ জন অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮০০ জন শুধু ইলেকট্রনিক ডিভাইস শনাক্তের দায়িত্বে, বাকি ৬ হাজার ৬০০ জন করিডর ও পরীক্ষাকেন্দ্রের আশপাশে নজরদারি করছেন।
পরীক্ষার্থীদের চশমা পরীক্ষা করে দেখা হচ্ছে তাতে লুকানো ক্যামেরা আছে কি না, পোশাকের বোতামের ওপর স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে সেখানে ছোট ক্যামেরা লুকানো না যায়। ব্যাগ রাখতে হচ্ছে কক্ষের বাইরে, আর মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, স্মার্ট চশমা ও ব্লুটুথ ইয়ারফোনসহ সব ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা শুরুর আগেই জমা দিতে হচ্ছে। লুকানো ফোন শনাক্ত করতে সকাল সাড়ে ৮টায় দেশজুড়ে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছে, যা ফোন নীরব অবস্থায় থাকলেও বেজে ওঠে।
এই কড়াকড়ির পেছনে রয়েছে সম্প্রতি ফাঁস হওয়া এক নকলের ঘটনা। চলতি বছর সার্টিফায়েড ট্যাক্স অ্যাকাউনট্যান্ট পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী গত রোববার স্বীকার করেছেন, তিনি লুকানো ছোট ক্যামেরা, স্মার্টফোন ও জেনারেটিভ এআই ব্যবহার করে উত্তর পেয়েছিলেন। তিনি ১৬০টি প্রশ্নের মধ্যে ১৫৯টির সঠিক উত্তর দিয়েছিলেন বলে জানা গেছে।

নকল ধরা পড়লে পরীক্ষার ফল বাতিল হবে। স্মার্ট চশমা পরে পরীক্ষা দিতে ধরা পড়লে আগামী বছর পরীক্ষায় বসা যাবে না। নকলকারীদের সর্বোচ্চ ১০ বছরের নিষেধাজ্ঞা এবং নকলের তথ্য দিলে ১০ কোটি ওন (প্রায় ৭৫ হাজার ডলার) পর্যন্ত পুরস্কারের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
কোরীয় ইতিহাস বিষয়ে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক; এতে না বসলে পুরো পরীক্ষাই বাতিল হবে। পরীক্ষার্থীদের শুধু কালো পেনসিল সঙ্গে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এবারের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় ২ হাজার ৩১০ জন কমেছে। তবে চিকিৎসা শিক্ষায় আসন বাড়ায় পুনরায় পরীক্ষা দিচ্ছেন এমন শিক্ষার্থীর সংখ্যা ২৩ বছরের মধ্যে সর্বোচ্চ। বর্তমান পদ্ধতিতে এটিই শেষ সিএসএটি।


















