ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১:১৬ অপরাহ্ন

মধ্য গাজায় স্থল অভিযান শুরু করল ইসরায়েল

ইসরায়েলি বাহিনী মধ্য গাজায় স্থল অভিযান শুরু করেছে। বুধবার (১৮ নভেম্বর) নুসেইরাত শরণার্থীশিবিরের পূর্ব দিকে ট্যাংক মোতায়েন করে হামাস নিয়ন্ত্রিত এলাকায় ঢুকে পড়ে তারা।

ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, যুদ্ধবিরতির সীমানা হিসেবে পরিচিত ‘হলুদ রেখা’র পশ্চিমে থাকা একটি সুড়ঙ্গ ধ্বংস করতেই এই অভিযান। সেনাবাহিনীর দাবি, ওই সুড়ঙ্গ সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি ছিল। সেনাবাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা যৌথভাবে অভিযানটি চালাচ্ছে। অভিযানটি কয়েক দিন ধরে চলতে পারে বলে জানানো হয়েছে।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম ইসরায়েলি স্থলবাহিনী হলুদ রেখা পেরিয়ে হামাস নিয়ন্ত্রিত এলাকায় ঢুকল। ওই রেখার পূর্ব দিকে গাজার ৬০ শতাংশের বেশি এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।

অভিযান শুরুর আগে বেসামরিক বিষয়ক ইসরায়েলি সংস্থা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সরে যেতে সতর্ক করে। নুসেইরাত ও বুরেইজ শরণার্থীশিবিরের কাছে এবং গাজার প্রধান উত্তর-দক্ষিণ সড়ক সালাহ আল-দিনের ওই অংশে চলাচল বন্ধ রাখা হয়।

অভিযানের পর এলাকার বহু বাসিন্দা তাঁবু ও আশ্রয়কেন্দ্র ছেড়ে সরে গেছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, অভিযান শুরুর পর থেকে প্রায় ১০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এ ছাড়া বুধবার পৃথক তিনটি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। নুসেইরাত শিবিরের কাছে একজন, গাজা শহরে একজন এবং দেইর আল-বালাহ থানার বাইরে একজন নিহত হন।

হামাস এই অভিযানকে যুদ্ধবিরতি চুক্তির ‘সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। একই সময়ে ইসরায়েলের সাত সেনা ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন