প্রায় সব মা-বাবাই চান সন্তান পড়াশোনায় ভালো করুক। কিন্তু ভালো ফলের জন্য শিশুর ওপর অতিরিক্ত চাপ দিলে অনেক সময় উল্টো ফল হয় — শেখার আগ্রহ কমে যায়। এর পেছনে স্মার্টফোনের ভূমিকাও কম নয়। বই পড়ার বদলে দীর্ঘ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করা আর ছোট ছোট ভিডিও দেখায় অভ্যস্ত হয়ে পড়ছে শিশুরা। এতে অনেক কিছু জানছে বলে মনে হলেও দীর্ঘ সময় একটানা মনোযোগ ধরে রাখার অভ্যাস নষ্ট হচ্ছে।
শিশুর পড়াশোনায় মনোযোগ ফেরাতে মা-বাবা যা করতে পারেন—
শিশুর পছন্দের বিষয়ে আগ্রহ দেখান। তার পছন্দ আপনার ভালো না লাগলেও সেটি নিয়ে কথা বলুন, প্রশ্ন করুন, একসঙ্গে জানার চেষ্টা করুন। শেখার আগ্রহ জন্ম নেয় কৌতূহল থেকে। তাই শিশুর প্রশ্নকে উপেক্ষা না করে উৎসাহ দিন। পুরস্কারের লোভ বা শাস্তির ভয় দেখিয়ে সাময়িক মনোযোগ পাওয়া গেলেও তাতে শেখার সত্যিকারের আগ্রহ তৈরি হয় না।
পড়ায় অনীহা বা মনোযোগের অভাবের পেছনে হতাশা ও নিরুৎসাহ লুকিয়ে থাকতে পারে। অনেক শিশু অবাধ্যতা বা উদাসীনতার আড়ালে নিজের হতাশা ঢেকে রাখে। অথচ প্রতিটি শিশুরই কোনো না কোনো বিষয়ে আগ্রহ ও ভালো করার ইচ্ছা থাকে। শেখার ছোট সমস্যাও শিশুর উদ্বেগ ও আত্মবিশ্বাসের ঘাটতি বাড়িয়ে দিতে পারে। তাই মা-বাবা ও শিক্ষকদের এ বিষয়ে সচেতন থাকা জরুরি।
ভুল ধরা নয়, উন্নতির দিকে নজর দিন। দক্ষতা বাড়াতে ভুল ধরিয়ে দেওয়া দরকার, তবে তার পাশাপাশি উৎসাহ দেওয়াটা আরও জরুরি। উৎসাহ মানে মিথ্যা প্রশংসা নয় — শিশুর ছোট ছোট অগ্রগতিও খেয়াল করুন, শুধু ভুল নয়, তার উন্নতির কথাও বলুন। নতুন কিছু শিখতে বা চ্যালেঞ্জ নিতে উৎসাহ পেলে শিশুর আত্মবিশ্বাস বাড়ে।
শিশুকে বোঝান, চেষ্টা ও অনুশীলনেই দক্ষতা বাড়ে। জন্মগত প্রতিভার চেয়ে তার প্রচেষ্টার প্রশংসা করুন। ভালো নম্বরের পাশাপাশি নতুন কিছু শেখার জন্যও উৎসাহ দিন। এতে নিজে থেকে ভালো করার মানসিকতা তৈরি হবে, মা-বাবার বারবার তাগাদা দেওয়ার প্রয়োজন পড়বে না।
শিশুর শক্তির জায়গাগুলোকে গুরুত্ব দিন। অনেক শিশু নিজের ভালো দিকগুলো বুঝতে পারে না। তাদের বুদ্ধিমত্তা, সৃজনশীলতা ও পরিশ্রমের স্বীকৃতি দিলে আত্মবিশ্বাস বাড়ে, যার ইতিবাচক প্রভাব দীর্ঘদিন মনে থাকে।
শেখার সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ক গড়ে তুলুন। শুধু ভালো নম্বর বা ব্যক্তিগত সাফল্যকে জীবনের লক্ষ্য ভাবলে শেখার আগ্রহ কমে, উদ্বেগ ও মানসিক চাপ বাড়ে। সাফল্যকে পরিবার, সমাজ ও দেশের জন্য কিছু করার সুযোগ হিসেবে তুলে ধরুন। সমাজের উপকার হয় এমন কাজে শিশুকে যুক্ত করুন, নিজেরাও অংশ নিন।
শিশুর সঙ্গে নিয়মিত কথা বলুন। স্কুলে কী শিখছে, তা জানতে চান — বাড়ির কাজের খোঁজ নেওয়ার আগে। ইতিহাস, বিজ্ঞান, সাহিত্যসহ বিভিন্ন বিষয় কেন গুরুত্বপূর্ণ এবং কীভাবে তা সমাজের উপকারে আসে, তা বোঝান। এ ধরনের কথোপকথন স্মার্টফোনের প্রতি আসক্তি কমাতেও সাহায্য করে।
বাড়িতে নির্দিষ্ট ‘লাইব্রেরি আওয়ার’ চালু করুন। মোবাইল ও অন্যান্য ডিভাইস দূরে রেখে নির্দিষ্ট সময়ে পড়তে বসান; সন্ধ্যার শুরুতে পরিবারের সবাই মিলে পড়ার সময় রাখতে পারেন। এ সময় টেলিভিশন, ভিডিও গেম ও মোবাইল বন্ধ থাকবে — তবে পড়াশোনার প্রয়োজনে কম্পিউটার বা ট্যাবলেট ব্যবহার করা যাবে। রান্নাঘর বা খাবার টেবিলের মতো পারিবারিক জায়গায় পড়ার ব্যবস্থা করুন। ছোট শিশুদের পড়ার সময় পাশে থাকুন, যাতে প্রয়োজনে সাহায্য ও উৎসাহ দিতে পারেন। পড়া শেষে তাদের খেলাধুলার সুযোগ দিন।
বিভিন্ন বয়সের শিক্ষার্থীর ক্ষেত্রে এসব নিয়ম কার্যকর বলে অনেক পরিবার মনে করে। এতে শিশুদের মধ্যে আত্মনিয়ন্ত্রণের অভ্যাস তৈরি হয়, পরিবারের সদস্যদের মধ্যে পড়াশোনা নিয়ে বিরোধ কমে এবং স্কুলে ভালো করার সুযোগ বাড়ে।


















