ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার সঙ্গে ক্রিমিয়াকে যুক্ত করা কের্চ সেতুর সড়ক অংশের একটি খিলান ও স্প্যান ধসে পড়েছে। সোমবার রাতের হামলায় সেতুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রেললাইন টিকে থাকলেও তার খিলান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অভিযানকে নজিরবিহীন বলে বর্ণনা করেছেন। তিনি জানান, সপ্তাহ ধরে সাত ধাপে প্রস্তুতি নেওয়া হয় — প্রথমে রাশিয়ার রাডার, বিমান প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা অকার্যকর করা হয়, তারপর সোমবার রাতে চূড়ান্ত হামলা চালানো হয়।
জেলেনস্কি জানান, দেশীয়ভাবে তৈরি দূরপাল্লার ড্রোন সেতুর সড়ক অংশে আঘাত হানে, আর নেপচুন ক্ষেপণাস্ত্র ও অন্যান্য ড্রোন রেল অংশে আঘাত করে। ফ্ল্যামিঙ্গো ক্ষেপণাস্ত্র চূড়ান্ত আঘাত হানে বলে তিনি জানান।
রাশিয়ার তদন্ত কমিটি ড্রোন হামলা ও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে। ক্রিমিয়ার রুশ-নিযুক্ত গভর্নর সের্গেই আকসিয়োনভ জানান, হামলায় দুজন নিহত হয়েছেন এবং সড়ক চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার বিকেলে রেল চলাচল আংশিকভাবে চালু হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সেতুটি মেরামত করা হবে।
১৯ কিলোমিটার দীর্ঘ এই সেতু ২০১৮ সালে উদ্বোধন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের প্রতীক হিসেবে সেতুটি পরিচিত। এর আগে ২০২২, ২০২৩ ও ২০২৫ সালেও সেতুটিতে হামলা হয়েছিল।

হামলাটি এমন সময় হলো, যখন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে পুতিনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ট্রাম্প বলেছেন, বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করবেন।
এদিকে রাশিয়াও কিয়েভের দুটি প্রধান সেতুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে; এতে অন্তত দুজন নিহত হয়েছেন। যুক্তরাজ্য ইউক্রেনের জন্য ২৪ কোটি পাউন্ডের বিমান প্রতিরক্ষা সহায়তা ঘোষণা করেছে।


















