ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৬:২১ অপরাহ্ন

সাপ্লাই চেইন পুনর্বিন্যাসে শীর্ষে বাংলাদেশ

বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা চললেও সরবরাহব্যবস্থা নতুন করে সাজানোর ক্ষেত্রে ২৬টি বাজারের মধ্যে সবার আগে রয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো। আগামী দুই বছরে আন্তর্জাতিক বাণিজ্য বাড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী দেশের ৯১ শতাংশ ব্যবসায়ী নেতা। তাঁদের মধ্যে ৫৬ শতাংশ নিজেদের ‘খুবই আত্মবিশ্বাসী’ বলে জানিয়েছেন।

এইচএসবিসির ‘গ্লোবাল ট্রেড পালস সার্ভে ২০২৬’-এ এই চিত্র উঠে এসেছে। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান সাভান্তা গত ১৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ২৬টি বাজারের ১০ হাজার জ্যেষ্ঠ ব্যবসায়ী নেতার ওপর জরিপটি চালায়। বাংলাদেশ থেকে এতে অংশ নেন ২৫০ জন। জরিপে বাণিজ্য, শুল্ক, সাপ্লাই চেইন ও প্রযুক্তি—এই চারটি বিষয় দেখা হয়েছে।

সরবরাহব্যবস্থা পুনর্বিন্যাসে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে। জরিপ অনুযায়ী, ৫৫ শতাংশ বাংলাদেশি প্রতিষ্ঠান ইতিমধ্যে তাদের কার্যক্রম নিজ দেশের কাছাকাছি সরিয়ে এনেছে, যেখানে বৈশ্বিক গড় ৩৬ শতাংশ। চীনের পাশাপাশি বিকল্প উৎস খোঁজার কৌশল নিয়েছে ৫৭ শতাংশ প্রতিষ্ঠান; এ ক্ষেত্রেও বৈশ্বিক গড় ৩৬ শতাংশ। এসব পদক্ষেপ কাজে দিচ্ছে বলে মনে করে ৯০ শতাংশ প্রতিষ্ঠান। আর ৮১ শতাংশ জানিয়েছে, এতে তাদের নগদ প্রবাহ ও চলতি মূলধনের পরিস্থিতির উন্নতি হয়েছে।

তবে ব্যয়ের চাপ রয়েই গেছে। ৭০ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে তাদের খরচ বেড়েছে, আর ৭৬ শতাংশ মনে করে আগামী দুই বছরে তা আরও বাড়বে। সবচেয়ে বড় চাপ জ্বালানি—৫০ শতাংশ উত্তরদাতা এ কথা বলেছেন। এরপর রয়েছে কাঁচামাল, ৪৯ শতাংশ। বৈশ্বিকভাবেও জ্বালানি সবার ওপরে (৪৪ শতাংশ), তারপর শুল্ক (৪৩ শতাংশ) ও পরিবহন ভাড়া (৪১ শতাংশ)।

২০২৫ সালের পর থেকে চলতি মূলধনের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে ৬৪ শতাংশ বাংলাদেশি প্রতিষ্ঠান, যেখানে বৈশ্বিক হার ৫৯ শতাংশ। আন্তঃসীমান্ত ব্যবসায় বাণিজ্যিক ব্যাংককে গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে ৯৬ শতাংশ প্রতিষ্ঠান।

শুল্ক ও বাণিজ্য অনিশ্চয়তায় কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে ৩১ শতাংশ প্রতিষ্ঠানের, আর রাজস্ব কমেছে ৩২ শতাংশের। আগামী দুই বছরে রাজস্ব আরও কমার আশঙ্কা করছে ৩৭ শতাংশ, যা বৈশ্বিক গড়ের (২৮ শতাংশ) চেয়ে অনেক বেশি।

৯৬ শতাংশ বাংলাদেশি প্রতিষ্ঠান অন্তত একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ব্যবহার করে। তবে তাদের ৯৭ শতাংশই এর পূর্ণ সুবিধা নিতে নানা বাধার মুখে পড়ছে। প্রযুক্তির দিক থেকে ৮৬ শতাংশ প্রতিষ্ঠান বাণিজ্যসংক্রান্ত অন্তত একটি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন