ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৬:২১ অপরাহ্ন

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর ৪ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার (১৫ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন।

পুলিশের পক্ষ থেকে জাহাঙ্গীর আলমের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর শনিবার রাত সাড়ে ১০টার দিকে মামলাটি থানায় রেকর্ড করা হয়। এরপর রাতেই স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের যৌথ দল অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে ডিসেম্বরের মধ্যে দলটিকে পুনরায় মাঠে নামানোর পরিকল্পনা করছিলেন তিনি। এছাড়া পুলিশের অভ্যন্তরীণ সংবেদনশীল তথ্য বাইরে সরবরাহের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, গ্রেপ্তারের সময় জব্দ করা মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় ডিসেম্বরের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নামার বিষয়ে বার্তা পাওয়া গেছে।

এদিকে আদালতে জাহাঙ্গীর আলমের স্ত্রী নাজমা আক্তার দাবি করেন, তাঁর স্বামী ষড়যন্ত্রের শিকার। জাহাঙ্গীর আলম নরসিংদীর শিবপুরের চান্দপাশা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. জিন্নাত আলী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ