ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৬:২১ অপরাহ্ন

মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৭০ হাজার অভিবাসী

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের প্রথম ১০ মাসে দেশজুড়ে ১১ হাজার ৮০৮টি অভিযান চালিয়ে ৭০ হাজার ১৯৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। একই সময়ে ৪৭ হাজার ৫৫৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ১২ নভেম্বর দেশটির সংসদে দেওয়া তথ্যে এই পরিসংখ্যান তুলে ধরা হয়।

জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত হিসাবে প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযান চালিয়েছে অভিবাসন বিভাগ। এসব অভিযানে প্রতিদিন গড়ে ২২৮ জন বিদেশি নাগরিক আটক হয়েছেন। একই সময়ে ১ লাখ ৫৫ হাজার ৪৯৮ জনের কাগজপত্র ও পরিচয় যাচাই করা হয়েছে। আবাসিক ভবন, শ্রমিকদের আবাসস্থল, খাবারের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্মাণস্থলসহ বিভিন্ন জায়গায় নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সেলাঙ্গর রাজ্যের কামপুং বারু সুবাং, আমপাং ও হুলু লাঙ্গাত এলাকায় একযোগে অভিযান চালায় রাজ্য অভিবাসন বিভাগ। বেলা ১১টা থেকে শুরু হওয়া ‘অপস সাপু’, ‘অপস সেলেরা’ ও ‘অপস কুতিপ’ নামের তিনটি পৃথক অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৪ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। অভিযানে ১৮ জন কর্মকর্তা অংশ নেন; ৩৮ জনের কাগজপত্র যাচাই করে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে ৩৪ জনকে আটক করা হয়।

অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিতে মালয়েশিয়া সরকার অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম ২.০) চালু রেখেছে। কর্মসূচিটির মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করা হয়েছে। এই কর্মসূচিতে ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত ১১২টি দেশের ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী নিবন্ধন করেছেন। এ সময় জরিমানা ও অন্যান্য ফি বাবদ সরকারের আয় হয়েছে ১২ কোটি ৭০ লাখ রিঙ্গিত। তবে স্বেচ্ছায় ফেরার সুযোগ থাকলেও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ। এ অবস্থায় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অনিয়মিত অভিবাসীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে; বৈধ কাগজপত্র না থাকলে বা অনুমতির শর্ত লঙ্ঘন করলেই আটকের ঝুঁকি রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন