ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৯:১২ পূর্বাহ্ন

কক্সবাজারে আন্তর্জাতিক ঋণ সম্মেলন শুরু

সরকারি ঋণ ব্যবস্থাপনা নিয়ে দেশে প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন আজ রোববার কক্সবাজারে শুরু হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ আয়োজনে কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ-২০২৬’ অনুষ্ঠিত হবে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন।

‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি ঋণ ব্যবস্থাপনা’ শীর্ষক এ সম্মেলনে ৩০টি দেশের প্রায় ১০০ জন প্রতিনিধি অংশ নেবেন। দুই দিনে মোট সাতটি অধিবেশন হবে।

সম্মেলনে সরকারের ঋণ গ্রহণের কৌশল, ঋণের ব্যয় ও ঝুঁকি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বন্ড বাজার থেকে অর্থ সংগ্রহ এবং বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়ে আলোচনা হবে। দ্বিতীয় দিন সুকুক ও ইসলামি অর্থায়ন, ঋণ ব্যবস্থাপনা দপ্তর গঠন এবং বিকল্প অর্থায়ন নিয়ে আলোচনা হবে।

দেশের মোট সরকারি ঋণ ইতিমধ্যে ২২ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। গত ১২ জুলাই অর্থমন্ত্রী সংসদে জানান, সরকারের মোট ঋণ ২২ লাখ ৬ হাজার ৪৬২ কোটি টাকা, যার মধ্যে বিদেশি ঋণ ৯ লাখ ৫৯ হাজার ৩১১ কোটি টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন