হরমুজ প্রণালি দিয়ে অননুমোদিত পথে যাওয়ার সময় মাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও আগুন লেগেছে বলে জানিয়েছে ইরান।
শুক্রবার রাতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানায়, অননুমোদিত পথে গোপনে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টার সময় মাইনের আঘাতে জাহাজ দুটি বিস্ফোরিত হয় ও আগুন ধরে যায়। জাহাজ দুটির একটি ছিল সুপারট্যাংকার। রাতে ওই জাহাজের আগুনের শিখায় প্রণালির দক্ষিণ তীর আলোকিত হয়ে ওঠে।
আইআরজিসি নৌবাহিনীর ভাষ্য, জাহাজ দুটি প্রণালিতে প্রবেশের আগে তাদের রাডার ও অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল এবং ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় না করেই যাত্রা শুরু করেছিল। সংস্থাটি জাহাজের মালিক ও শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করে বলেছে, অনুমোদন ছাড়া প্রণালি পার হওয়ার চেষ্টা করলে একই পরিণতি হতে পারে।
এর আগে বৃহস্পতিবারও ইরানের সেনাবাহিনী জানিয়েছিল, হরমুজ প্রণালির পূর্বে নিষিদ্ধ এলাকায় ঢুকে মাইনের আঘাতে দুটি ট্যাংকারে আগুন লেগেছে। বুধবার রাতেও চার মিলিয়ন ব্যারেলের বেশি তেলবাহী দুটি ট্যাংকার বিস্ফোরণে অচল হয়ে পড়ার দাবি করা হয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ওই প্রণালির ওপর নিয়ন্ত্রণ কঠোর করে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে এ অঞ্চলে উত্তেজনা চলছে।

এদিকে শুক্রবার ভোরে বাহরাইনে একটি মার্কিন সামরিক স্থাপনায় রাডার ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, বাহরাইনের দিকে ছোড়া ইরানের দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে; এতে কেউ হতাহত হননি, কোনো ক্ষতিও হয়নি।


















