বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপ আবার পেছাল। ঢাকায় অনুষ্ঠেয় এ সংলাপের তারিখ চলতি মাসের শেষে পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মুখপাত্র সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অক্টোবরের শেষে ঢাকায় কনস্যুলার সংলাপ হওয়ার কথা থাকলেও দুদেশের আলোচনার প্রেক্ষিতে তা পেছানো হয়। এরপর অক্টোবরের শেষে এক কূটনৈতিকপত্রে ১৭ ও ১৮ নভেম্বর সংলাপের তারিখ নির্ধারণের প্রস্তাব করে ভারত। তবে বাংলাদেশের জন্য সুবিধাজনক সময় বিবেচনায় এ মাসের শেষে তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তারিখ পুনর্নির্ধারণের অনুরোধ জানিয়ে গত সপ্তাহে ভারতকে কূটনৈতিকপত্র পাঠানো হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার বলেছেন, দুদেশের সুবিধাজনক সময়ে এ সংলাপ হবে। ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় বলেও জানান তিনি। আগামী কনস্যুলার সংলাপে ভিসাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পেতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে আইনজীবীর মাধ্যমে শেখ হাসিনার অনুরোধের পর এ বৈঠক পেছানোর বিষয়টি প্রকাশ্যে আসে। তবে হাইকমিশনের মুখপাত্র বলেছেন, বৈঠক পেছানোর সঙ্গে ওই অনুরোধের কোনো সম্পর্ক নেই; ওই চিঠি আসার আগেই ভারতকে কূটনৈতিকপত্র পাঠানো হয়েছিল।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪০টির বেশি দ্বিপক্ষীয় আলোচনার প্ল্যাটফর্মের একটি কনস্যুলার সংলাপ। ২০১৭ সালে শুরু হওয়া এ সংলাপ এর আগে চারবার অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ চতুর্থ সংলাপ ২০২৪ সালের মে মাসে দিল্লিতে হয়।



















