বিশ্বজুড়ে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এতে প্রতিষ্ঠানটির ই-মেইল সেবা আউটলুক, কর্মক্ষেত্রে যোগাযোগের অ্যাপ টিমস, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলটসহ মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যায় পড়েছেন গ্রাহকেরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুরে এ বিভ্রাটের প্রভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেকরের তথ্য অনুযায়ী, দুপুর ১টার কিছু পর আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ প্রায় ১ লাখ ৩০ হাজারে পৌঁছায়। বিকেল ৩টার কিছু আগে তা কমে প্রায় ৭৭ হাজারে নেমে আসে। খবর আল-জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্সের। সংবাদসতর্কতা
ডাউনডিটেকটরের তথ্য অনুযায়ী, অনেক ব্যবহারকারী ই-মেইল পাঠাতে বা গ্রহণ করতে পারছিলেন না। কেউ কেউ নিজেদের ইনবক্সেও প্রবেশ করতে পারছিলেন না। তবে অভিযোগের সংখ্যা কমে আসার অর্থ সব ব্যবহারকারীর জন্য সেবা স্বাভাবিক হয়ে যাওয়া নয়।
আউটলুকের পাশাপাশি মাইক্রোসফটের কর্মক্ষেত্রে যোগাযোগের অ্যাপ টিমস, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলট এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা ব্যবহারেও সমস্যার কথা জানান গ্রাহকেরা। মাইক্রোসফট জানিয়েছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা এ সমস্যায় পড়তে পারেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মাইক্রোসফট জানায়, তাদের কয়েকটি সার্ভার অকার্যকর হয়ে পড়েছে এবং স্বয়ংক্রিয় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না। এতে সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, সামগ্রিকভাবে ব্যবহারকারীর ট্রাফিক বেড়ে যাওয়ার চেয়ে বিপুলসংখ্যক সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়াই এ চাপের কারণ।

সমস্যা সমাধানে আক্রান্ত সার্ভারগুলো পুনরায় চালু করার পাশাপাশি ট্রাফিক অন্য অবকাঠামোয় সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় মাইক্রোসফট। একই সঙ্গে সার্ভারগুলো কেন স্বয়ংক্রিয় স্বাস্থ্য পরীক্ষায় ব্যর্থ হচ্ছে, তা শনাক্ত করতে কনফিগারেশন পরিবর্তন পরীক্ষা করা হয়।
মাইক্রোসফট জানায়, আক্রান্ত সার্ভারের একটি অংশ বিকল্প পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা করে পুনরায় সচল করা সম্ভব হয়েছে। তবে সেগুলোতে আবার ট্রাফিক বাড়লে কিছু সার্ভার অকার্যকর হয়ে পড়ছে। এ কারণে নির্দিষ্ট কিছু এলাকায় সার্ভারে প্রবেশ করা ট্রাফিক সীমিত করা এবং আগের সফটওয়্যার কনফিগারেশন ব্যবহার করে কিছু সার্ভার নতুন করে তৈরির কাজও চলছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত মাইক্রোসফটের সেবা পুরোপুরি স্বাভাবিক হওয়ার ঘোষণা পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কিছু অঞ্চলে সীমিত পরিসরে সেবা পুনরুদ্ধার হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে কখন সব সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানায়নি তারা। তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স


















