নিজস্ব প্রতিবেদক: দেশের নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) বা ফাইন্যান্স কোম্পানিগুলোর শীর্ষ তিন পদে নিয়োগের ক্ষেত্রে নতুন যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), কোম্পানি সচিব (সিএস) এবং প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত শর্ত অনুসরণ করতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর চারিত্রিক সততা, পরিচ্ছন্ন চাকরির রেকর্ড, আর্থিক স্বচ্ছতা এবং স্বার্থের দ্বন্দ্বমুক্ত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। কোনো ফৌজদারি আদালতে দণ্ডিত, অর্থ আত্মসাৎ বা নৈতিক স্খলনের কারণে চাকরিচ্যুত, ঋণখেলাপি কিংবা দেউলিয়া ঘোষিত ব্যক্তি এসব পদে নিয়োগের যোগ্য হবেন না।
সিএফও নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ঋণস্থিতির ভিত্তিতে অভিজ্ঞতার শর্ত নির্ধারণ করা হয়েছে। যেসব ফাইন্যান্স কোম্পানির ঋণস্থিতি এক হাজার কোটি টাকার বেশি, সেসব প্রতিষ্ঠানে সিএফও হতে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিতে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে হিসাবায়ন-সংশ্লিষ্ট কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।
অন্যদিকে, এক হাজার কোটি টাকা বা তার কম ঋণস্থিতির ফাইন্যান্স কোম্পানিতে সিএফও হতে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদের জন্য ফাইন্যান্স বা হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে। তবে সিএ, সিএমএ বা সিএফএ ডিগ্রিধারীদের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত কমিয়ে পাঁচ বছর নির্ধারণ করা হয়েছে।
কোম্পানি সচিব নিয়োগের ক্ষেত্রেও নির্দিষ্ট অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা হয়েছে। এ পদে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিতে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে বোর্ড সেক্রেটারিয়েট বা কমপ্লায়েন্স কার্যক্রমে অন্তত চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিকল্প হিসেবে তালিকাভুক্ত কোম্পানিতে কোম্পানি সচিব পদে তিন বছরের অভিজ্ঞতাও গ্রহণযোগ্য হবে। পাশাপাশি আইসিএসবি স্বীকৃত চার্টার্ড সেক্রেটারি ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, এসব পদে সার্বক্ষণিক কর্মকর্তা নিয়োগ দিতে হবে। কোনোভাবেই চুক্তিভিত্তিক বা খণ্ডকালীন নিয়োগ দেওয়া যাবে না। পদ শূন্য হলে সর্বোচ্চ তিন মাসের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিয়ে দায়িত্ব পালন করানো যাবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে। তবে বর্তমানে কর্মরত কর্মকর্তাদের নির্ধারিত যোগ্যতায় ঘাটতি থাকলে তা পূরণের জন্য ৩১ ডিসেম্বর ২০২৯ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের ফলে ফাইন্যান্স কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।


















