অটোমোবাইল শিল্পে নতুন মাইলফলক স্থাপন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডির লাক্সারি ব্র্যান্ড ইয়াংওয়াং। বিশ্বের প্রথম প্রোডাকশন কার হিসেবে ঘণ্টায় ৫০০ কিলোমিটারের বেশি গতি তুলেছে ইয়াংওয়াংয়ের ‘ইউ৯ এক্সট্রিম’ মডেলের গাড়িটি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ আন্তর্জাতিক সড়কে গাড়িটি ঘণ্টায় সর্বোচ্চ ৫০৩ দশমিক ১৭ কিলোমিটার গতিতে ছুটেছে। অর্জন করেছে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে, জার্মানিতে একই গাড়ি ঘণ্টায় ৪৯৬.২২ কিলোমিটার গতি তুলে রেকর্ড গড়েছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে ‘ইউ৯ এক্সট্রিম’। দুইবারই গাড়িটি চালিয়েছেন রেসিং চালক মার্ক বাসেং। এবারের অর্জনের মাধ্যমে, একমুখী যাত্রায় সর্বোচ্চ গতির প্রোডাকশন এবং বৈদ্যুতিক প্রোডাকশন কারের রেকর্ড গড়েছে মডেলটি। আন্তর্জাতিক মোটরস্পোর্টসের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ল’অটোমোবাইলের (এফআইএ) স্বীকৃতিও পেয়েছে এই অর্জন।
‘ইউ৯ এক্সট্রিমে’ রয়েছে চারটি স্বতন্ত্র বৈদ্যুতিক মোটর। সব মিলিয়ে এগুলো ৩ হাজারের বেশি হর্সপাওয়ার উৎপাদন করতে পারে। গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ১২০০ ভোল্টের প্ল্যাটফর্ম এবং বিওয়াইডির ব্লেড ব্যাটারি প্রযুক্তি। উচ্চ ক্ষমতায় গাড়ি চালানোর পাশাপাশি ব্যাটারির তাপমাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে এ প্রযুক্তি। এ ছাড়া রয়েছে প্রতিষ্ঠানটির ইফোর প্ল্যাটফর্ম। এর মাধ্যমে গাড়ির চারটি চাকার শক্তি আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। ফলে অতিরিক্ত গতিতেও গাড়ির ভারসাম্য বজায় থাকে।
নতুন এ মাইলফলক সম্পর্কে বিওয়াইডির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট স্টেলা লি বলেন, জার্মানিতে বিশ্বরেকর্ড গড়ার পর গাড়িটির সক্ষমতা আরও বাড়াতে প্রকৌশলীরা ধারাবাহিকভাবে কাজ করেছেন। এবারের অর্জন সেই প্রচেষ্টারই প্রতিফলন।
এ অর্জন প্রসঙ্গে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিমের এই অর্জন বৈদ্যুতিক গাড়ি প্রযুক্তির বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ঘণ্টায় ৫০০ কিলোমিটারের বেশি গতির রেকর্ড গড়ার মধ্য দিয়ে বৈদ্যুতিক গাড়ির মোটর, ব্যাটারি ও গাড়ি নির্মাণপ্রযুক্তির অগ্রগতি স্পষ্ট হয়েছে। এসব প্রযুক্তির উন্নতির ফলে বৈদ্যুতিক গাড়ি চলাচলের ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্ভাবন গাড়িশিল্পের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাধারণ ক্রেতাদের কাছে বৈদ্যুতিক গাড়িকে আরও আকর্ষণীয় করে তুলবে।”

এই রেকর্ড বৈদ্যুতিক গাড়ির মোটরের সক্ষমতা এবং ব্যাটারি প্রযুক্তির উন্নতির ফলে গাড়ি নির্মাণে নতুন সম্ভাবনার দিকটি তুলে ধরেছে। বিওয়াইডি গবেষণা ও উন্নয়নের মাধ্যমে গাড়ির গতি, দক্ষতা ও নিরাপত্তা বাড়ানোর নানা দিক নিয়ে কাজ করছে। এর মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তিকে আরও এগিয়ে নিতে চায় প্রতিষ্ঠানটি।


















