ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে, ঝুঁকিতে আরও দুই কোটি: দেবপ্রিয়

দেশে এখনো প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। তাঁদের মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে রয়েছেন। দারিদ্র্যসীমার ওপরে থাকলেও আরও অন্তত দুই কোটি মানুষ নতুন করে দরিদ্র হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দারিদ্র্যের হার কমলেও দরিদ্র মানুষের সংখ্যা সেই অনুপাতে কমানো যাচ্ছে না। দারিদ্র্যসীমার ওপরে উঠে আসা প্রায় দুই কোটি মানুষ মাত্র দুই দিন কাজ করতে না পারলে আবার দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারেন।

তিনি বলেন, গত ৫৫ বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও সেই অগ্রগতির সঙ্গে সামাজিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কৃতির প্রয়োজনীয় পরিবর্তন ঘটেনি। স্বাধীনতার ৫৫ বছরে অর্থনৈতিক উন্নতি হলেও সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন আসেনি।

এমন পরিস্থিতিতে অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন