ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

তুরস্কের আনতালিয়ায় চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) পূর্ণাঙ্গ অধিবেশনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও বিশ্বনেতাদের প্রতি করণীয় তুলে ধরবেন তিনি।

তিন দিনের সরকারি সফরের দ্বিতীয় দিন সকালে সম্মেলনস্থলে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সফরসঙ্গী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নতুন নেতৃত্বকে আন্তর্জাতিক নেতারা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। নির্বাচনে ম্যান্ডেট পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিশ্বনেতারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন।

এর আগে বুধবার (১১ নভেম্বর) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। এ ছাড়া পাকিস্তান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিবের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়।

এসব বৈঠক ও সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে। আলোচনাকালে ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। অন্যদিকে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া ওআইসি মহাসচিবের সঙ্গে সাক্ষাতে ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থান এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ