ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

বাংলা এআই তৈরিতে ২৫ কোটি ডলার চায় বাংলাদেশ

বাংলা ভাষার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে ২৫ কোটি ডলারের অর্থায়ন চেয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা।

প্রস্তাবিত কর্মসূচির আওতায় শুধু বাংলা ভাষার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি নয়, আধুনিক কম্পিউটিং অবকাঠামো গড়ে তোলা, সাইবার নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তি ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। এ উদ্যোগে দক্ষিণ কোরিয়ারও যৌথ অর্থায়নের আগ্রহ রয়েছে।

এডিবির বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং সোমবার জানান, বাংলাদেশ সরকার ও এডিবি ২৫ কোটি ডলারের একটি সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা করছে। তবে অর্থায়নের কাঠামো ও বাস্তবায়নের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। সরকার আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে সমন্বিত অর্থায়ন প্রস্তাব জমা দেবে বলে আশা করা হচ্ছে। ২০২৭ সালে প্রকল্পটি অনুমোদনের লক্ষ্য রয়েছে এডিবির।

এর আগে চলতি মাসের শুরুতে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে আট সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আট দিনের সফরে দক্ষিণ কোরিয়া যায়। সিউলের আলোচনায় বাংলা ভাষার এআই, কম্পিউটিং অবকাঠামো ও প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ নিয়ে কথা হয়। সম্ভাব্য কোরীয় অংশীদারদের মধ্যে রয়েছে এলজি এআই রিসার্চ ও ফুরিওসাএআই। এলজির আঞ্চলিক ভাষাভিত্তিক এআই মডেল এক্সাওনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলা ভাষার নিজস্ব মডেল তৈরির বিষয়টি আলোচনায় এসেছে।

কোরিয়ার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক এ কর্মসূচিতে সহ-অর্থায়নে আগ্রহ দেখিয়েছে। সরকারের লক্ষ্য, বাংলা ভাষায় কাজ করে এমন একটি এআই মডেল তৈরি করা, যার তথ্য ও হোস্টিং থাকবে দেশের ভেতরেই। প্রস্তাবিত মডেল সরকারি ও বেসরকারি খাতে তথ্য প্রক্রিয়াকরণ এবং ডিজিটাল সেবা দেওয়ার কাজে লাগবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন