ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র হামলায় নিহত ৩১৬

পার্বত্য চট্টগ্রামে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নিহতদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে আহত হয়েছেন ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে তিনি এ তথ্য জানান।

প্রশ্নে এস এ জিন্নাহ কবির জানতে চান, পার্বত্য অঞ্চলের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠীর হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণের বিষয়ে সরকারের কাছে কী তথ্য রয়েছে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো ৯৭ বার হামলা চালিয়েছে। একই সময়ে সশস্ত্র গোষ্ঠীগুলো বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১ বার হামলা চালিয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন