ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৭:২২ অপরাহ্ন

এলপিজির দাম বাড়ার কারণ জানাল লোয়াব

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্যবৃদ্ধি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, সে বিষয়ে স্পষ্টীকরণ দিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। সংগঠনটির মহাসচিব মোহাম্মদ আহসানুল জব্বার এক বিবৃতিতে মূল্যবৃদ্ধির কারণগুলো তুলে ধরেছেন।

বিবৃতিতে বলা হয়, দাম নির্ধারণের নিয়ম অনুযায়ী প্রতি মাসের শেষে সৌদি আরামকো এলপিজির বৈশ্বিক বেঞ্চমার্ক ‘সৌদি কন্ট্রাক্ট প্রাইস’ (সিপি) ঘোষণা করে। এর ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি মাসের প্রথম সপ্তাহে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দর নির্ধারণ করে। একটি ১২ কেজি সিলিন্ডারের দামের প্রায় ৮০ শতাংশই নির্ভর করে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস কেনা ও দেশে আনার খরচের ওপর। ভ্যাট-ট্যাক্স, সিলিন্ডারে ভরা, মুনাফা, স্থানীয় পরিবহন এবং ডিলার ও খুচরা বিক্রেতার কমিশন মিলিয়ে দেশীয় ব্যয় মাত্র প্রায় ২০ শতাংশ। তাই বিশ্ববাজারে দাম বাড়লে স্থানীয়ভাবে তা কম রাখার সুযোগ খুবই সীমিত।

কাঁচামালের দামও লক্ষণীয়ভাবে বেড়েছে। ২০২৫ সালে গড়ে প্রতি টন গ্যাসের সৌদি সিপি যেখানে ছিল প্রায় ৫৫২ ডলার, ২০২৬ সালের এই সময়ে তা বেড়ে গড়ে প্রায় ৬৬৬ ডলারে দাঁড়িয়েছে — অর্থাৎ কাঁচামালের ক্রয়মূল্যেই প্রায় ২১ শতাংশ বৃদ্ধি ঘটেছে। এলপিজি মূলত প্রোপেন ও বিউটেনের মিশ্রণ। নভেম্বর ২০২৬-এ প্রোপেনের সিপি ছিল টনপ্রতি ৭২০ ডলার এবং বিউটেনের ৭৮০ ডলার; ৩৫:৬৫ অনুপাতে গড় প্রায় ৭৫৯ ডলার। ফেব্রুয়ারিতে কেজিপ্রতি নির্ধারিত মূল্য ছিল ১১৩ টাকা; নভেম্বরে তা দাঁড়িয়েছে ১৭১.৬৮ টাকায়।

মূল্যবৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধ পরিস্থিতি। এ সংঘাতের কারণে হরমুজ প্রণালী ও বাব-এল-মান্দেব রুটে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে এবং অনেক সরবরাহ চুক্তি বাতিল ও অনিশ্চিত হয়ে পড়েছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যুদ্ধ শুরুর আগেই যুক্তরাষ্ট্রের সাথে এলপিজি আমদানির উদ্যোগ নিয়েছিল; এর ফলে বিশ্বব্যাপী সংকটের মধ্যেও দেশে সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বর্তমানে চাহিদার প্রায় ৮০ শতাংশই আসছে যুক্তরাষ্ট্র থেকে। তবে যুদ্ধকালীন বৈশ্বিক শিপিং খাতে গ্যাস বহনকারী বিশেষায়িত জাহাজের তীব্র সংকট দেখা দেওয়ায় আন্তর্জাতিক জাহাজ ভাড়া ও সিপি স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩ থেকে ৪ গুণ বেড়েছে; মধ্যপ্রাচ্যের তুলনায় যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে ভাড়া আরও বেড়েছে। এই ব্যাপক বৃদ্ধিই সিলিন্ডারের ল্যান্ডেড কস্টকে অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে।

এলপিজি আমদানির সমস্ত মূল্য মার্কিন ডলারে পরিশোধ করতে হয়। গত এক বছরে ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান প্রায় ৩ শতাংশ কমে যাওয়ায় আমদানিকারকদের এলসি ও আমদানির খরচ আরও বেড়েছে।

অনেকেই পার্শ্ববর্তী ভারতের সাথে বাংলাদেশের দামের তুলনা করেন, তবে দুটি দেশের বাস্তবতায় মৌলিক পার্থক্য রয়েছে। ভারতে সমুদ্রবন্দরে পর্যাপ্ত পানির গভীরতা থাকায় বড় জাহাজ (ভিএলজিসি) সরাসরি জেটিতে ভিড়ে মাত্র ৩ থেকে ৪ দিনে ৪২ হাজার টন এলপিজি খালাস করতে পারে। বাংলাদেশে পর্যাপ্ত ড্রাফট না থাকায় গভীর সমুদ্রে ছোট জাহাজে লাইটারিং করতে সময় লেগে যায় প্রায় ২৫ দিন। একটি বড় ভিএলজিসি জাহাজের পেছনে দৈনিক প্রায় ২ লাখ ডলার খরচ হয়; ২০ দিনে খরচ দাঁড়ায় প্রায় ৪০ লাখ ডলার (৪ মিলিয়ন ডলার)। এই বাড়তি ব্যয় সরাসরি ভোক্তা পর্যায়ে সিলিন্ডারের দাম বাড়িয়ে দেয়।

ভারতের চাহিদার প্রায় অর্ধেক (৫০%) গ্যাস তাদের নিজস্ব শোধনাগারে তৈরি হয়। বাংলাদেশকে প্রায় শতভাগ গ্যাসই চড়া দামে বিদেশ থেকে আমদানি করতে হয়। ভারতের এলপিজি বাজার বাংলাদেশের তুলনায় প্রায় ২০ গুণ বড়। এককালীন বিপুল পরিমাণ গ্যাস কেনার কারণে আন্তর্জাতিক ট্রেডারদের কাছ থেকে তারা বড় অঙ্কের পাইকারি ছাড় ও জাহাজ সুবিধা পায়। সবচেয়ে বড় কারণ সরকারের আর্থিক সহায়তা: ভারত সরকার ২০২৫-২৬ অর্থবছরে এলপিজি খাতে প্রায় ৩০ হাজার কোটি ভারতীয় রুপি (৩.১ বিলিয়ন ডলার) সরাসরি বাজেটীয় ভর্তুকি দিচ্ছে। বাংলাদেশে এলপিজি খাতে সরকারের কোনো ভর্তুকি নেই; ফলে আন্তর্জাতিক বাজারের পুরো ব্যয়টাই দেশের ভোক্তাকে বহন করতে হয়।

সংক্ষেপে, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি, যুদ্ধের কারণে চুক্তি বাতিল ও জাহাজ সংকটে দূরবর্তী যুক্তরাষ্ট্র থেকে ৩-৪ গুণ বেশি ভাড়ায় গ্যাস আমদানি, এলপিজির মূল্য (সিপি) এবং ডলারের মূল্যবৃদ্ধি — এই বৈশ্বিক কারণগুলোর সমন্বিত প্রভাবই স্থানীয় এলপিজি বাজারে প্রতিফলিত হচ্ছে। সরকারি উদ্যোগে অথবা যৌথ উদ্যোগে মহেশখালীতে ল্যান্ড টার্মিনাল করা হলে এলপিজির মূল্য কিছুটা কমে আসবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ভোক্তাদের সুরক্ষায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (ইএমআরডি) থেকে ইতোমধ্যে বিশেষ সভা করে এলপিজির নির্ধারিত মূল্যের বিষয়ে অত্যন্ত কড়া নির্দেশনা জারি করা হয়েছে এবং বিইআরসিও নির্ধারিত মূল্যে বিক্রির ব্যাপারে কঠোর সতর্কবার্তা দিয়েছে। সরকারি এই নির্দেশনা বাস্তবায়নে এবং নিজেদের প্রাতিষ্ঠানিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লোয়াব তাদের আওতাধীন সব অপারেটর ও পরিবেশককে ভোক্তা অধিকার সংরক্ষণে বিইআরসি নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রয় ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে। একই সাথে সাধারণ ভোক্তারা যাতে কোনো অবস্থাতেই হয়রানি বা বাড়তি মূল্যের শিকার না হন, সেজন্য লোয়াব সরকারের প্রতি জোরালো অনুরোধ জানিয়েছে — যদি কোনো অসাধু চক্র বা খুচরা বিক্রেতা সরকার নির্ধারিত মূল্যের বাইরে বেশি দামে এলপিজি বিক্রি করে, তবে প্রশাসন যেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেয়। সরকার নির্ধারিত মূল্যে বিক্রি এবং সরবরাহ বজায় রাখতে লোয়াবের সদস্যরা সর্বদা বদ্ধপরিকর বলে বিবৃতিতে জানানো হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন