ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৭:২৪ অপরাহ্ন

মধুমতি ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক এহতেশাম রহমান

মোঃ এহতেশাম রহমান মধুমতি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। গত ১১ নভেম্বর তিনি ব্যাংকটিতে যোগ দেন। বাংলাদেশের ব্যাংকিং খাতে তাঁর ২৩ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।

দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকে ঋণঝুঁকি ব্যবস্থাপনা, কর্পোরেট ব্যাংকিং, সিন্ডিকেশন ও স্ট্রাকচার্ড ফাইন্যান্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন।

প্রাইম ব্যাংক পিএলসিতে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ও ইস্টার্ন ব্যাংক পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। প্রকল্প ও অবকাঠামো অর্থায়ন, স্ট্রাকচার্ড ফাইন্যান্সিং এবং কর্পোরেট ব্যাংকিংয়ে তাঁর বিশেষ অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে তিনি ডিইজি, এফএমও, আইএফসি, এডিবি ও বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক উন্নয়ন ও অর্থায়ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। এছাড়া বাংলাদেশে কমার্শিয়াল পেপার প্রচলনের ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

মধুমতি ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইস্টার্ন ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিলেশনশিপ ইউনিট হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে পেশাগত দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক পারফরম্যান্স অ্যাওয়ার্ড অর্জন করেছেন। পাশাপাশি বাহরাইন, মালয়েশিয়া, ভারত ও কানাডায় বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেছেন।

মোঃ এহতেশাম রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। এছাড়া একই বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক (বিএসসি) ও স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি লাভ করেন।

মোঃ এহতেশাম রহমানকে মধুমতি ব্যাংক পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং তাঁর নতুন দায়িত্বে ও আগামী দিনের পথচলায় সার্বিক সাফল্য কামনা করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন