ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৭:২২ অপরাহ্ন

বায়ু দূষণে বাড়তে পারে অ্যাসিডিটি

বাতাসের মান খারাপ হলে শুধু কাশি, গলা জ্বালা বা শ্বাসকষ্টই হয় না—কারও কারও ক্ষেত্রে হজমের অস্বস্তিও বেড়ে যেতে পারে। দূষিত বাতাসে শ্বাস নেওয়া কি সত্যিই অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে? সাম্প্রতিক গবেষণা বলছে, এর সঙ্গে সম্পর্ক থাকতে পারে।

অ্যাসিড রিফ্লাক্স হয় যখন পাকস্থলীর খাবার অ্যাসিডসহ খাদ্যনালীতে উল্টো দিকে উঠে আসে। বায়ু দূষণ ও অ্যাসিড রিফ্লাক্সের সম্পর্ক নিয়ে গবেষণা এখনো চলছে। তবে সাম্প্রতিক গবেষণা থেকে জানা যাচ্ছে, সূক্ষ্ম কণা পদার্থ (পিএম২.৫) ও অন্যান্য দূষক প্রদাহ, অক্সিডেটিভ স্ট্রেস এবং শরীরের স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থায় পরিবর্তনের মাধ্যমে পাচনতন্ত্রকে প্রভাবিত করতে পারে।

জনস্বাস্থ্যবিষয়ক একটি গবেষণা সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যাঁরা আগে থেকেই গ্যাস্ট্রো-ইসোফেজিয়াল রিফ্লাক্স রোগে (জিইআরডি) ভুগছেন, দূষণের মাত্রা বেশি থাকার সময় তাঁদের অস্বস্তি আরও বাড়তে পারে।

কীভাবে বাড়ে অস্বস্তি—দূষকের সংস্পর্শে শরীরে প্রদাহজনিত প্রতিক্রিয়া বাড়ে; দূষিত বাতাসে গলা জ্বালা ও ক্রমাগত কাশি হয়, আর বারবার কাশিতে পেটের ভেতরের চাপ বেড়ে পাকস্থলীর খাবার ওপরে উঠে আসতে পারে; তীব্র দূষণের সময় মানুষ ঘরের ভেতরে বেশি থাকে, ভারী খাবার ও গভীর রাতে খাওয়া এবং নড়াচড়া কমে যাওয়াও রিফ্লাক্স বাড়াতে পারে।

তবে গবেষকেরা সতর্ক করেছেন, দূষণের সঙ্গে রিফ্লাক্সের সংযোগের সঠিক প্রক্রিয়া এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। বায়ুর মান খারাপ হলেই সবার অ্যাসিডিটি হবে—এমন নয়। গলা জ্বালা বা কাশির মতো উপসর্গকে অনেক সময় অ্যাসিডিটি বলে ভুলও করা হয়। তাই অস্বস্তি দীর্ঘদিন থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন