ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

দ্বিতীয় দফায় কমল সোনার দাম

দেশের বাজারে দ্বিতীয় দফায় কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে। এতে ভ্যাটসহ এ মানের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় অলংকারের বিক্রয়মূল্য সমন্বয় করেছে সংগঠনটি।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা কমে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

এর আগে গত ৬ নভেম্বর প্রথম দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। সব মিলিয়ে দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমল ৫ হাজার ৪৮২ টাকা।

সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম আগের মতো ৩ হাজার ৪৯৯ টাকা রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন