জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টনে সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টা থেকে পল্টন মোড়ে এই সমাবেশ শুরু হওয়ার কথা। ঢাকার বিভিন্ন জায়গা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে স্লোগান দিয়ে পল্টনে জড়ো হচ্ছেন।
সমাবেশের কারণে কাকরাইল হয়ে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। কোনো যানবাহন পল্টন মোড়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সমাবেশে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও নভেম্বরের মধ্যে গণভোট, নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং অতীতের দমন-পীড়ন, হত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার।



















