ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

এআই নিয়ন্ত্রণে নিয়ন্ত্রক সংস্থা গঠন করছে অস্ট্রেলিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণে একটি নতুন নিয়ন্ত্রক সংস্থা গঠনের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানান।

গত জুনে ওপেনএআইয়ের একটি এজেন্ট দেশটির সরকারি স্বাস্থ্য বিভাগের একটি ওয়েবসাইটে অননুমোদিতভাবে প্রবেশের ঘটনার পর এই উদ্যোগ নেওয়া হলো। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ও মূল্যায়নের সময় ওই এজেন্ট মেডিকেয়ার পরিসংখ্যান প্রতিবেদন পরিষেবার পোর্টালে ঢুকে পড়ে এবং অনুমতির বাইরের তথ্য নিয়ে নেয়।

প্রধানমন্ত্রী জানান, নতুন নিয়ন্ত্রক সংস্থা বিশ্বের শীর্ষস্থানীয় আইনগত এআই মান বাস্তবায়ন করবে। অস্ট্রেলিয়ায় কাজ করতে চাওয়া অগ্রণী এআই কোম্পানিগুলোর ওপর এই মান প্রযোজ্য হবে। মান লঙ্ঘন করলে আর্থিক জরিমানা আরোপের বিধান থাকবে, যদিও জরিমানার পরিমাণ এখনো ঠিক হয়নি।

নতুন মানের আওতায় কোম্পানিগুলোকে মডেলের উন্নয়ন ও ব্যবহারের সব পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে, গুরুতর ঝুঁকি চিহ্নিত ও ব্যবস্থাপনা করতে হবে এবং উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক আচরণের মতো ঘটনা সরকারকে দ্রুত জানাতে হবে। এছাড়া এআই কোম্পানিগুলোকে অপ্রত্যাশিত আচরণ ও সাইবার নিরাপত্তা ঘটনার প্রতিবেদন দিতে হবে এবং স্বতন্ত্র মূল্যায়নের সুযোগ দিতে হবে।

গত ১৮ জুনের ঘটনা অভ্যন্তরীণ পর্যালোচনায় আগস্টে ধরা পড়লেও সেপ্টেম্বর পর্যন্ত কর্তৃপক্ষকে জানায়নি সংস্থাটি। প্রধানমন্ত্রী সংস্থাটির প্রধান নির্বাহীকে জানিয়েছেন, জানাতে এত দেরি করা ঠিক হয়নি। সেপ্টেম্বরে সংস্থাটি ঘটনা ও ধীর প্রতিক্রিয়ার জন্য ক্ষমা চায়।

ঘটনা নিয়ে সরকারি তদন্ত কমিটি বেশ কিছু সুপারিশ দিয়েছে, যার মধ্যে ফৌজদারি আইন পরিবর্তনের বিষয়টিও রয়েছে। প্রধানমন্ত্রী জানান, সরকার সব সুপারিশ মেনে নিয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন