ভারতের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ১৪ সদস্যের দলে চোট কাটিয়ে ফিরেছেন তারকা ব্যাটার রাচিন রবীন্দ্র, ওপেনার ডেভন কনওয়ে ও উইকেটরক্ষক টম ব্লান্ডেল। অধিনায়ক হিসেবে থাকছেন টম ল্যাথাম।
গত সেপ্টেম্বরে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে ডান কাঁধের হাড় সরে যায় রাচিনের। এরপর ভারতের বিপক্ষে একদিনের ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি। একদিনের সিরিজের আগে অনুশীলনে সতীর্থ পেসার ম্যাট হেনরির সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান কনওয়ে। চোটের কারণে বাইরে ছিলেন ব্লান্ডেলও। তিনজনই প্রথম টেস্টের আগেই ফিট হয়ে ওঠার লক্ষ্যে পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন।
ইংল্যান্ড সফরে চোট পাওয়া কেন উইলিয়ামসন এখনো পুরোপুরি সেরে না ওঠায় দলে জায়গা পাননি। চোটের কারণে নেই পেসার উইল ও’রুর্ক ও বেন সিয়ার্সও। পঞ্চম পেসার হিসেবে দলে এসেছেন জ্যাকব ডাফি।
দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর, ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। দ্বিতীয় টেস্ট ২৭ নভেম্বর থেকে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ছয় টেস্টে ৭২ দশমিক ২২ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ১১ টেস্টে ৫১ দশমিক ৫২ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভারত।
দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে ১৬ নভেম্বর থেকে দায়িত্ব নিচ্ছেন বিজে ওয়াটলিং।

নিউজিল্যান্ডের টেস্ট দল: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।


















