ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

বাংলাদেশে শিক্ষক-শিক্ষার্থীদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে: এইচআরডব্লিউ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ উদ্বেগের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি।

প্রতিবেদনে এইচআরডব্লিউ বলেছে, শান্তিপূর্ণ রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে শাস্তি দেওয়া উচিত নয়। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল। এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্বীকৃত মতপ্রকাশ ও সংগঠন করার স্বাধীনতারও পরিপন্থি।

সংস্থাটির মতে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক মতপ্রকাশ নিয়ন্ত্রণে এ ধরনের পদক্ষেপ অতীতের সরকারগুলোর দমনমূলক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি।

এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশে রাজনৈতিক বিতর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। এ ধরনের বিতর্কে ভয় পাওয়ার কথা স্বৈরশাসকদের, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে গঠিত কোনো সরকারের নয়।

তিনি আরও বলেন, অতীতের দমন-পীড়নের অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়া উচিত। ক্ষমতাসীন ও বিরোধী দলের অবস্থান পরিবর্তন হলেও যেন আগের দমনমূলক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ