ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৯:০৯ অপরাহ্ন

নভেম্বরের প্রথম তিন দিনেই রেমিট্যান্স এলো ৫২১ মিলিয়ন ডলার

দেশে প্রবাসী আয়ে নতুন গতি পেয়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম তিন দিনেই প্রবাসীরা ৫২১ মিলিয়ন (৫২ কোটি ১০ লাখ) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এসেছিল ৩৩০ মিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫৮ দশমিক ১ শতাংশ।

আজ বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু গত ৩ নভেম্বর একদিনেই দেশে ১৬১ মিলিয়ন (১৬ কোটি ১০ লাখ) ডলার রেমিট্যান্স এসেছে।

এর আগে বিদায়ী অক্টোবর মাসে ব্যাংকিং চ্যানেলে ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এছাড়া গত সেপ্টেম্বরে ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার ডলার, আগস্টে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯৮৬ কোটি ৬০ লাখ (১১ হাজার ৯৮৬ মিলিয়ন) ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৪৭ কোটি ৮০ লাখ (১০ হাজার ৪৭৮ মিলিয়ন) ডলার। ফলে অর্থবছরের প্রথম চার মাসে মিট্যান্স প্রবাহে মোট প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪ দশমিক ৪ শতাংশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ