দেশের কৃষিভিত্তিক শিল্পের বিকাশ, কৃষিপণ্যের মূল্য সংযোজন এবং উদ্যোক্তাদের জন্য সহজতর অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘কৃষিপণ্যভিত্তিক প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনে পুনঃঅর্থায়ন স্কিম’-এ অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এ.এন. হামিদুল্লাহ কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান।
চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম। অন্যদিকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির এসএমই অ্যান্ড এগ্রিকালচার ডিভিশনের শরিফ হাসান মামুন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের নির্বাহী পরিচালক নাহিদ রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের এ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে নতুন শিল্প স্থাপন, বিদ্যমান শিল্পের বিনিয়োগ সম্প্রসারণ এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে অর্থায়নের সুযোগ তৈরি হবে। বিশেষ করে কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন কার্যক্রমে উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করার পাশাপাশি কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

কমিউনিটি ব্যাংকের এ স্কিমে অংশগ্রহণের ফলে কৃষিপণ্যভিত্তিক শিল্পে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাদের জন্য অর্থায়নের নতুন সুযোগ উন্মোচিত হবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় কৃষিপণ্যের বাণিজ্যিক ব্যবহার বৃদ্ধি এবং কৃষি ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
কৃষির উৎপাদনশীলতা ও সম্ভাবনাকে শিল্পায়নের ধারায় যুক্ত করার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি মনে করে, কৃষিভিত্তিক শিল্পে অর্থায়ন সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার সুযোগ আরও প্রসারিত হবে। কৃষিপণ্য উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ পর্যন্ত সমন্বিত মূল্য সংযোজন কার্যক্রমকে এগিয়ে নিতে ব্যাংকটি এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।


















