ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

৪ দিন গ্যাস সরবরাহ বন্ধের গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার

আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে সম্পূর্ণ ‘গুজব’ বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ না হলেও এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী চার দিন সামান্য কম সরবরাহ করা হতে পারে, যার ফলে কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটিতে (সামিট এলএনজি) জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বর্তমানে রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে আগামী চার দিন দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।

এতে আরও বলা হয়, একটি কুচক্রী মহল কিছু সংবাদমাধ্যমের ফটোকার্ড এডিট করে আগামী চার দিন গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে মর্মে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা পেট্রোবাংলার দৃষ্টিগোচর হয়েছে।

এ পরিস্থিতিতে দেশের জনগণকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সরকারি এই সংস্থাটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ