ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১:৫২ অপরাহ্ন

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৪ ফুটবল ম্যাচ স্থগিত

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩০ জনের প্রাণহানির ঘটনায় কোপা দেল রের ২৪টি ম্যাচ স্থগিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। নিহতদের প্রতি শ্রদ্ধা ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সংহতি জানিয়ে বুধবারের (২৮ অক্টোবর) নির্ধারিত সব ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্পেনের মধ্যাঞ্চলে একটি দ্রুতগতির ট্রেন রেললাইনে থেমে থাকা আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন নিহত ও প্রায় ৮০ জন আহত হন। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এক বিবৃতিতে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) জানায়, মর্মান্তিক এ দুর্ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। নিহতদের প্রতি শ্রদ্ধা ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতেই ম্যাচগুলো স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া ম্যাচগুলোর মধ্যে রয়েছে নাভালকারনেরো-রিয়াল বেতিস, সালামাঙ্কা-সেল্তা ভিগো এবং তাভেরনেস-ভ্যালেন্সিয়ার লড়াই। ম্যাচগুলোর নতুন সূচি পরে জানানো হবে।

তবে বৃহস্পতিবারের প্রথম রাউন্ডের ম্যাচগুলো আপাতত বহাল রয়েছে। সপ্তাহান্তের লিগ ম্যাচ স্থগিতের বিষয়েও কোনো ঘোষণা আসেনি।

এদিকে দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদসহ স্পেনের বিভিন্ন ফুটবল ক্লাব। সেভিয়া এফসি অনুশীলনের আগে এক মিনিট নীরবতা পালন করেছে। পাশাপাশি কোচ লুইস গার্সিয়া প্লাজার নির্ধারিত সংবাদ সম্মেলনও বাতিল করেছে ক্লাবটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ