ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হওয়ার এক দিন পর তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম কে এম তাহসিফ সাউরি (২৮)। তিনি বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এবং নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে নৌ পুলিশ তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে। মৃতদেহের সঙ্গে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

এর আগে খবর পেয়ে উত্তরখান থানা-পুলিশও ঘটনাস্থলে যায়। উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাস জানান, লাশটি যেখানে ভেসে ওঠে, সেটি উত্তরখান থানার শেষ সীমানায় পড়েছে। তবে নৌপথের বিষয় হওয়ায় নৌ পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, তাহসিফ সাউরি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে সপরিবারে বসবাস করতেন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তিনি বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।

মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের জন্য পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন পরিদর্শক ফিরোজ উদ্দিন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে সামরিক উড়োজাহাজে করে দেশত্যাগ করেন। ওই সময় তাঁর দেশ ছাড়ার যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, সেটি সাবেক এই বিমানবাহিনীর কর্মকর্তা তাহসিফ সাউরিই ধারণ করেছিলেন বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ