ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ৯:২৩ অপরাহ্ন

পরিবেশবান্ধব অর্থায়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক ও আমরাকের চুক্তি

দেশে পরিবেশবান্ধব অর্থায়ন ও টেকসই বিনিয়োগের সুযোগ বাড়াতে আমরাক লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। এ চুক্তির আওতায় নবায়নযোগ্য জ্বালানি, পরিচ্ছন্ন জ্বালানি এবং পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর প্রকল্পে বিনিয়োগ ও অর্থায়নের সম্ভাবনা সম্প্রসারণে কাজ করবে দুই প্রতিষ্ঠান।ব্যাংক সেবা নিন

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ এবং আমরাক লিমিটেডের চেয়ারম্যান জিসু পার্ক। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছও উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, পরিবেশবান্ধব অর্থায়ন ও টেকসই বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। এ লক্ষ্যে টেকসই প্রকল্পে অর্থায়নে আগ্রহী গ্রাহক, বিনিয়োগকারী, ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্ভাব্য অংশীদারদের মধ্যে যোগাযোগ স্থাপন, তথ্য বিনিময় এবং পারস্পরিক নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

দুই প্রতিষ্ঠানের প্রত্যাশা, এ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে পরিবেশবান্ধব বিনিয়োগের পরিবেশ উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেবিসিসিআইয়ের সেক্রেটারি জেনারেল মিলিয়ন পার্ক, শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মো. মজহারুল হক, কার্ড বিভাগের প্রধান মো. রিয়াদ হোসেন, করপোরেট প্রধান কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ইব্রাহিম হোসেন, কার্ড বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. শফিউল ইসলাম এবং জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ