জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন নির্মাতা ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তার ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। শনিবার সকালে তিনি এ ঘটনা জানতে পারেন।
ফারুকী জানান, অ্যাকাউন্টটি হ্যাক করে ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে এবং বাংলাদেশের একটি সাইবার অপরাধী গ্রুপ এটি নিয়ে বিভিন্ন মাধ্যমে ‘উল্লাস’ করছে। বিষয়টি নাগরিক নিরাপত্তার অংশ হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
অনলাইনে ছড়িয়ে পড়া বিচ্ছেদের গুঞ্জন নিয়ে চরম বিরক্তি প্রকাশ করে ফারুকী বলেন, “এসব অপদার্থদের কথায় কান দেওয়ার মতো সময় আমার নেই, এসবের কোনো ভিত্তি নেই।” এ বিষয়ে তিশার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে বাড়ি থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনাকেও ‘কৌতুকপ্রদ ও অপপ্রচার’ বলে আখ্যা দেন ফারুকী। তিনি সমালোচকদের এসব অপ্রাসঙ্গিক বিতর্ক এড়িয়ে তার কাজের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন। কাজের আপডেট জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায় দুটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন এবং শিগগিরই একজন সেলিব্রিটিকে নিয়ে তৃতীয় আরেকটি বিজ্ঞাপনের কাজ শুরু করবেন।
নতুন চলচ্চিত্রের খবর দিয়ে ফারুকী জানান, তিনি বর্তমানে দুটি চলচ্চিত্রের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। এর মধ্যে একটি জেন-জি প্রজন্মের নতুন সংজ্ঞার প্রেমের গল্প নিয়ে, যার সম্ভাব্য নাম রাখা হয়েছে ‘টু হেল, উইথ লাভ’। অন্য সিনেমাটির গল্প রাজনৈতিক প্রেক্ষাপটের। ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া ফারুকী-তিশা দম্পতির সংসারে ইলহাম নামের এক কন্যাসন্তান রয়েছে।



















