ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১:২১ পূর্বাহ্ন

গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুবিধা পাবেন কনকর্ডের কর্মী ও তাঁদের পরিবার

কনকর্ড গ্রুপ অব কোম্পানিজের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের লাইফ ইন্স্যুরেন্স ও স্বাস্থ্যসেবা সুবিধা দেবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঢাকায় কনকর্ড গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম, এফসিএ, এবং কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল।

শেখ রকিবুল করিম বলেন, কর্মীদের সুস্থতা ও কল্যাণ টেকসই ব্যবসায়িক সাফল্যের অন্যতম ভিত্তি। এ অংশীদারত্বের মাধ্যমে কনকর্ডের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক সুরক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে চায় গার্ডিয়ান।

শাহরিয়ার কামাল বলেন, কর্মীদের প্রতি প্রতিষ্ঠানের দায়িত্ব শুধু কর্মক্ষেত্র নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়। জীবনের অনিশ্চয়তা মোকাবিলায় তাঁদের পাশে থাকাও জরুরি। এ অংশীদারত্ব কর্মী ও তাঁদের পরিবারের প্রতি সেই দায়িত্ব পালনের একটি উদ্যোগ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি কনকর্ড গ্রুপের মানবসম্পদ, বিপণন, অর্থ, আইন, নিরীক্ষা ও প্রশাসন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে দেশের ৫০০টির বেশি করপোরেট প্রতিষ্ঠানকে ইন্স্যুরেন্স সুরক্ষা দিচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, দেশজুড়ে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ তাদের লাইফ ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় রয়েছেন। এ ছাড়া ৫০০টির বেশি অংশীদার হাসপাতালের মাধ্যমে চিকিৎসাসেবা এবং গার্ডিয়ান অ্যাপ ও ২৪ ঘণ্টার হেল্পলাইন ১৬৬২২-এর মাধ্যমে নগদ অর্থ ছাড়াই চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ