ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে কভার্ড ভ্যান থেকে চুরি হয় স্পিনিং অলরাউন্ডার এসএম মেহেরব হাসান, পেসার মোহর শেখ অন্তর, পেসার আলি মোহাম্মদ ওয়ালিদ ও টিম বয় আব্দুল কাদেরের মোট আটটি লাগেজ। পরে রাজশাহী জেলা পুলিশ অভিযান চালিয়ে জিনিসপত্র উদ্ধার করে।
ঘটনা মূলত মঙ্গলবার রাতের। সেদিন বিমানযোগে ঢাকা থেকে রাজশাহীতে চলে যান রাজশাহী দলের ক্রিকেটাররা। কভার্ড ভ্যানে করে পাঠানো হয় তাঁদের মালামালসহ ৫৪টি লাগেজ।
তবে রাজশাহীতে পৌঁছানোর পর ভ্যান খোলা হলে আটটি লাগেজ খোয়া যাওয়ার বিষয়টি টের পান ক্রিকেটাররা। তাৎক্ষণিকভাবে রাজপাড়া থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মেহেরব।
রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ অভিযোগপত্রের তথ্য অনুযায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে রাজশাহী আসার পথে পুঠিয়া এলাকার একটি হোটেলে খাবারের বিরতি দেন কভার্ড ভ্যানের চালক। পুনরায় যাত্রা শুরুর আগে ভ্যানের পেছনের দরজা খোলা দেখতে পান তিনি। সেটি বন্ধ করে রাজশাহীর উদ্দেশে চলে যান চালক। পরে রাজশাহীতে পৌঁছানোর পর মালামাল খোয়া যাওয়ার বিষয়টি টের পাওয়া যায়।
অভিযোগপত্রে মেহেরব জানান, লাগেজগুলোর মধ্যে নিজেদের ব্যবহৃত জামাকাপড়ের পাশাপাশি তাঁর পাসপোর্ট, একটি আইফোন, নগদ তিন লাখ টাকা ও ৩০০ ডলারের পাশাপাশি কিছু ইলেকট্রনিকস সামগ্রী ছিল। এ ছাড়া মোহরের ব্যাগেও মূল্যবান ইলেকট্রনিকস সামগ্রী থাকার কথা বলা হয় অভিযোগে। আব্দুল কাদেরের ব্যাগে স্পাইকসের পাশাপাশি খেলার সরঞ্জাম ছিল।

রাজপাড়া থানায় জিডি করা হলেও ঘটনাটি পুঠিয়ায় হওয়ায় রাজশাহী ও নাটোর জেলা পুলিশ পুরো বিষয়টি দেখভাল করছে বলে জানান আবুল কালাম আজাদ। পরে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকেই বুঝিয়ে দেওয়া হয় উদ্ধার করা মালামাল।
রাজশাহী দলের ম্যানেজার তৌকির মালামাল উদ্ধারের খবর নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, “লাগেজ হারানোর ব্যাপারে জানামাত্রই আমরা পুলিশ ও বিসিবিকে অবহিত করি। তাদের তৎপরতায় দ্রুততম সময়ের মধ্যে মালামাল পাওয়া গেছে।”
তবে খোয়া যাওয়া মালামালের সবকিছু এখনো উদ্ধার হয়নি। মালামাল উদ্ধারের ব্যাপারে ফোন পাওয়ার পর পুলিশ সুপারের কার্যালয়ে যান মোহর, মেহেরবসহ ভুক্তভোগী ক্রিকেটাররা। পরে নিজেদের জিনিসপত্র বুঝে নেন তাঁরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপে মোহর শেখ জানান, অন্যদের প্রায় সবকিছু পাওয়া গেলেও তাঁর লাগেজটি এখনো উদ্ধার হয়নি। মেহেরবের লাগেজে থাকা নগদ তিন লাখ টাকার ব্যাপারেও কোনো ইতিবাচক খবর পাননি তাঁরা।
চুরির সঙ্গে জড়িত চারজনের মধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। বাকি থাকা মালামাল উদ্ধারের লক্ষ্যে তাঁদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে যাওয়ার কথা মোহর, মেহেরবদের। সেখানে বাকি থাকা সবকিছু পাওয়ার আশা করছেন তাঁরা।
জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগামী রোববার বরিশালের মুখোমুখি হবে রাজশাহী।


















