ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা’কে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আয়োজিত ‘জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ: নকশা ও প্রাতিষ্ঠানিক কাঠামো’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে গৃহীত ব্যাপক পরিকল্পনা একসঙ্গে বাস্তবায়ন করা কঠিন হওয়ায় সুনির্দিষ্ট কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে পাইলট প্রকল্প হিসেবে এসব কার্যক্রম শুরু করা হবে। তিনি দেশে দ্রুত স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের ওপর জোর দেন। এ ছাড়া সাধারণ মানুষের পকেট থেকে চিকিৎসার বিপুল ব্যয় মেটাতে গিয়ে যে চরম ভোগান্তি তৈরি হয়, তা কমাতে ‘হেলথ ইন্স্যুরেন্স’ বা স্বাস্থ্যবিমা চালুর দিকে মন্ত্রণালয় বিশেষ নজর দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

নারীদের স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, গর্ভকালীন সময়ে মা ও নারীরা যেসব বিব্রতকর পরিস্থিতির শিকার হন, তা থেকে তাদের সুরক্ষা দিতে হেলথ সেন্টারগুলোকে ওয়ান-স্টপ সার্ভিসে রূপান্তর করা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার করে উপজেলা পর্যায়ে অত্যন্ত কম খরচে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) মেশিনের মাধ্যমে নারীদের স্তন ও জরায়ুমুখ (সার্ভিকাল) ক্যানসারের স্ক্রিনিং টেস্ট চালু করা হবে।

স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়ম ও চ্যালেঞ্জ দূর করতে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি স্তরে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুক হকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ