ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চার আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। ১০ আসামি জামিনে রয়েছেন। অন্য কয়েকজন আসামি পলাতক।

জুলাই গণঅভ্যুত্থানের সময় মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর মামলাটিতে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে পলককে আদালতে হাজির না করায় রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি মুলতবি করে ৮ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলকের একটি মামলার কার্যক্রম থাকায় তাকে ওইদিন আদালতে হাজির করা সম্ভব হয়নি বলে রাষ্ট্রপক্ষ আদালতকে জানিয়েছিল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামে আরও দুই ব্যক্তি আহত হন। পরবর্তীতে হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মৎ রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন।

মোহাম্মদপুর থানার এসআই মো. আকরামুজ্জামান ২০২৫ সালের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

শেখ হাসিনা, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আর সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চার আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। ১০ আসামি জামিনে রয়েছেন। অন্য কয়েকজন আসামি পলাতক।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ