ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু আজ, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ ২৭ সেপ্টেম্বর। এ ধাপে আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় ধাপে আবেদন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

যারা একাদশে ভর্তির জন্য আগে আবেদন করেনি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি কিংবা নির্বাচিত হয়েও নির্ধারিত সময়ে নিশ্চায়ন বা ভর্তি সম্পন্ন করতে পারেনি, তারা এ ধাপে আবেদন করতে পারবে। ভুল কোটা নির্ধারণের কারণে নির্বাচনের পরও কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবে।

দ্বিতীয় ধাপে আবেদনকারীদের পছন্দক্রমে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ দিতে হবে। কলেজগুলোর বিদ্যমান আসনসংখ্যার ভিত্তিতে পছন্দ নির্বাচন করতে হবে।

ফল প্রকাশের পর ১ থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীরা নিশ্চায়ন করতে পারবে। নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ অক্টোবর রাত ৮টায়। আর দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি চলবে ৫ থেকে ৭ অক্টোবর।

প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন বা এডিট সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় কোটার যোগ্যতা যাচাই করে সঠিকভাবে কোটা নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ