পুঁজিবাজারকে আরও গভীর ও শক্তিশালী করতে ভালো মানের আরও বেশি কোম্পানিকে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। একই সঙ্গে ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য ব্যাংকের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে শেয়ারবাজারমুখী হওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সম্মেলন কক্ষে আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএসইসি চেয়ারম্যান। সিসিসিআই ও আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।
মাসুদ খান বলেন, ‘ভালো কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আসতে হবে। তাদের শেয়ারবাজারে আসতে উৎসাহিত করতে হবে।’
তিনি বলেন, মোট বাজার মূলধনের তুলনায় দৈনিক লেনদেনের পরিমাণ বিবেচনায় বাংলাদেশের শেয়ারবাজার এখনো আঞ্চলিক কয়েকটি বাজারের তুলনায় বেশ ছোট। সাম্প্রতিক তথ্য তুলে ধরে তিনি বলেন, গত সপ্তাহে বাংলাদেশে এই অনুপাত ছিল প্রায় ০.১৪ শতাংশ। বিপরীতে পাকিস্তানে ০.১৯ শতাংশ, থাইল্যান্ডে ০.২৩ শতাংশ, ভারতে ০.২৬ শতাংশ এবং ভিয়েতনামে ০.২১ শতাংশ।
বিএসইসি চেয়ারম্যান বলেন, দৈনিক লেনদেনের পরিমাণ ১ হাজার ৫০০ কোটি টাকায় উন্নীত করা সম্ভব হলে এ অনুপাত প্রায় ০.৩৯ শতাংশে দাঁড়াবে। তবে দীর্ঘমেয়াদে শেয়ারবাজারের প্রবৃদ্ধি নিশ্চিত করতে শুধু লেনদেন বাড়ানো নয়, তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ও মান—দুটিই বাড়ানো জরুরি।

তিনি জানান, ভালো কোম্পানিকে শেয়ারবাজারে আনার প্রক্রিয়া সহজ করতে নিয়ন্ত্রক সংস্থা কাজ করছে। এ ছাড়া প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং সরাসরি তালিকাভুক্তির (ডাইরেক্ট লিস্টিং) ক্ষেত্রে নতুন কিছু বিকল্প নিয়েও ভাবা হচ্ছে।
মাসুদ খান বলেন, শেয়ারের সঠিক মূল্য নির্ধারণ ও কার্যকর মূল্য আবিষ্কারের জন্য আন্তর্জাতিক মানের বুক বিল্ডিং পদ্ধতির দিকে পুরোপুরি এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে কমিশনের।
বিএসইসি চেয়ারম্যান অর্থবাজার ও শেয়ারবাজারের মধ্যে সুস্পষ্ট পার্থক্য থাকা প্রয়োজন বলেও উল্লেখ করেন। তার মতে, ব্যাংকগুলোর মূল দায়িত্ব হওয়া উচিত স্বল্পমেয়াদি অর্থায়ন করা। অন্যদিকে দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রয়োজন মেটাতে ব্যবসায়ীদের শেয়ারবাজারের ওপর নির্ভর করা উচিত।
দীর্ঘমেয়াদি ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের ঝুঁকির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘এক বছরের জন্য আমানত নিয়ে আট বছরের জন্য ঋণ দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’ এ ধরনের ব্যবস্থায় ব্যাংকের সম্পদ ও দায়ের মেয়াদে অসামঞ্জস্য তৈরি হয় বলেও তিনি উল্লেখ করেন।
মাসুদ খান বলেন, দেশের শেয়ারবাজার এখনো যথেষ্ট উন্নত না হওয়ায় দীর্ঘমেয়াদি করপোরেট অর্থায়নে ব্যাংকগুলোকে তুলনামূলক বেশি ভূমিকা পালন করতে হচ্ছে। এতে দেশের ব্যাংকিং খাতের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।
তিনি বলেন, বড় অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনেক সময় ১৫ থেকে ২০ বছরের অর্থায়ন প্রয়োজন হয়। কিন্তু ব্যাংকের পক্ষে এত দীর্ঘ মেয়াদে দক্ষতার সঙ্গে অর্থায়ন করা কঠিন।
সংলাপে বিশেষ অতিথি হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মোমিনুল ইসলাম এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বক্তব্য দেন।


















