ঢাকা, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

নিউইয়র্কের ব্রুকলিনে গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিল এলাকার ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।

নিহত মো. রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামের বাসিন্দা।

যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত বাংলা সংবাদমাধ্যম ঠিকানার খবরে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শী ও রাজুর স্বজনেরা জানান, ঘটনার সময় এক বন্দুকধারী ওই দোকানে ঢুকে হঠাৎ গুলি চালায়। এতে দোকানে কর্মরত রাজু এবং সেখানে থাকা আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। রাজুর বুকে এবং অপর বাংলাদেশির পায়ে গুলি লাগে।

গুরুতর আহত অবস্থায় দুজনকেই উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। তবে চিকিৎসা নেওয়ার পর পায়ে গুলিবিদ্ধ অপর বাংলাদেশি বর্তমানে সুস্থ আছেন।

আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাজুর মৃত্যুর বিষয়টি শুনেছি। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।’ রাজুর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার।

এদিকে, নিউইয়র্ক থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি নিউজ জানিয়েছে, গতকাল রোববার গভীর রাতে ব্রুকলিনে কাজ করার সময় এক ফাস্টফুড দোকানের কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই গুলির ঘটনায় দ্বিতীয় এক ব্যক্তি আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, মধ্যরাতের ঠিক পরপরই ব্রাউনসভিলে রকাওয়ে অ্যাভিনিউ ও নিউপোর্ট স্ট্রিটের কাছে আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজার ভেতরে ৪৪ বছর বয়সী ওই কর্মীর মাথায় গুলি করা হয় এবং ৩৯ বছর বয়সী এক ব্যক্তির ডান পায়ে গুলি লাগে। চিকিৎসাকর্মীরা ঘটনাস্থল থেকে মাত্র কয়েক ব্লক দূরের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে দুই ভুক্তভোগীকে নিয়ে যান। সেখানে পরে ওই ৪৪ বছর বয়স্ক ব্যক্তিটি মারা যান।

আহত অন্যজনের অবস্থা আশঙ্কামুক্ত। একাধিক স্থানীয় প্রতিবেদনের ভিত্তিতে জানা০ গেছে, নিহত ব্যক্তি রেস্তোরাঁটির একজন কর্মী ছিলেন। ঘটনায় জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ব্রুকলিনে একটি সহিংস সপ্তাহ পার হওয়ার পরপরই এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটল। এর আগে, স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ইস্ট নিউইয়র্কের নাইচার পিংক হাউসের বাইরে ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটিকে রোড রেইজ বা সড়ক-সংক্রান্ত দ্বন্দ্ব থেকে সংঘর্ষ হিসেবে সন্দেহ করে পুলিশ তদন্ত করছে।

পুলিশ জানিয়েছে, গুরদীপ সিং নামের ওই ব্যক্তি পিৎজা ডেলিভারি দিতে যাওয়ার সময় ক্রিসেন্ট স্ট্রিট ও স্ট্যানলি অ্যাভিনিউয়ের কাছে একটি বাগ্‌বিতণ্ডার সময় তাঁর বুক ও পেটে সাতটি গুলি করা হয়। তাঁর হত্যাকারী গাড়ি চালিয়ে পালিয়ে যায় এবং তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ ছাড়া বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে, গুরদীপ সিং যে স্থানে খুন হন সেখান থেকে প্রায় দেড় মাইল দূরে ইস্ট নিউইয়র্কের হাকিমসে ১৭ বছর বয়সী অহমীর জর্ডানের মাথায় গুলি করে হত্যা করা হয়। শনিবার নিউইয়র্ক পুলিশ বিভাগ তাঁদের সন্দেহভাজন দুই ব্যক্তির নজরদারি ফুটেজ প্রকাশ করেছে, তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ