ঢাকা, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

দক্ষিণ চীন সাগরে ৪ দিন বিদ্যুৎহীন মার্কিন যুদ্ধজাহাজ

দক্ষিণ চীন সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে টানা চার দিন বিদ্যুৎহীন হয়ে পড়েছিল যুক্তরাষ্ট্রের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস বেনফোল্ড। জাহাজটির জেনারেটরে ত্রুটির পর গুরুত্বপূর্ণ সেবা বন্ধ হয়ে যায়। পরে এটিকে ফিলিপাইনের সুবিক বে-তে টেনে নেওয়া হয়।

মার্কিন সপ্তম নৌবহরের মুখপাত্র কমান্ডার ম্যাথিউ কোমারের বরাতে আনাদোলু এজেন্সি জানায়, ২৪ জুলাই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিয়মিত কার্যক্রম পরিচালনার সময় বেনফোল্ডের জেনারেটরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে জাহাজটির সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো নাবিক আহত হননি।

বিদ্যুৎহীন অবস্থায় জাহাজটির শৌচাগার, শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা, রান্নাঘর এবং পানীয় জলের কিছু ব্যবস্থা অচল হয়ে পড়ে। চার দিন এমন পরিস্থিতিতে থাকার সময় একই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের ক্রুজার ইউএসএস রবার্ট স্মলস বেনফোল্ডের নাবিকদের জন্য খাবার সরবরাহ করে।

প্রতিবেদন অনুযায়ী, ২৮ জুলাই বেনফোল্ডকে ফিলিপাইনের সুবিক বে-তে নেওয়া হয় এবং এর দুই দিন পর জাহাজটির বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধার করা হয়। পরে ত্রুটির কারণ নির্ধারণ ও প্রয়োজনীয় মেরামতের কাজ শুরু হয়।

ইউএসএস বেনফোল্ড মার্কিন নৌবাহিনীর আর্লে বার্ক শ্রেণির একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার। এটি ইউএসএস জর্জ ওয়াশিংটন নেতৃত্বাধীন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ হিসেবে দক্ষিণ চীন সাগরে কার্যক্রম চালাচ্ছিল। ২৪ জুলাইয়ের আগেও ওই স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ চীন সাগরে অবস্থান করতে দেখা যায়।

ঘটনার প্রকৃত কারণ জানতে মার্কিন নৌবাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে চলতি বছর মার্কিন নৌবাহিনীর আরেকটি ডেস্ট্রয়ারেও বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যার ঘটনা সামনে আসায় জাহাজগুলোর যান্ত্রিক নির্ভরযোগ্যতা ও রক্ষণাবেক্ষণ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ