ঢাকা, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

জিম্বাবুয়েতে ফেরিডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৮৪

জিম্বাবুয়েতে ফেরিডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৮৪
ফেরিটিতে ১৫৩ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে, তবে অনুমোদিত ধারণক্ষমতা ছিল ৯০ জন।

জিম্বাবুয়ের কারিবা হ্রদে যাত্রীবাহী একটি ফেরি ডুবে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৮৪ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল নতুন করে আরও লাশ উদ্ধার করেছে।

জিম্বাবুয়ের জাতীয় পুলিশ রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, সর্বশেষ চারটি লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, দেশটিতে এ ধরনের দুর্ঘটনার মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী। মঙ্গলবার অতিরিক্ত যাত্রী বহনকারী ফেরিটি জাম্বিয়ার সীমান্তের কাছে প্রবল বাতাসের সময় উলটে যায়। ফেরিটিতে ১৫৩ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে, তবে অনুমোদিত ধারণক্ষমতা ছিল ৯০ জন। দুর্ঘটনার সময় ঠিক কতজন যাত্রী ও নাবিক ফেরিতে ছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

এটি জিম্বাবুয়ের উত্তরের কারিবা শহর থেকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত ও মৎস্যজীবী সম্প্রদায়ের এলাকায় যাচ্ছিল।

শনিবার স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্ঘটনায় নিহত স্বজনদের শনাক্ত করতে স্থানীয় একটি হাসপাতালের বাইরে শত শত মানুষ অপেক্ষা করছেন। দুর্ঘটনায় অন্তত ১৮ শিশুও প্রাণ হারিয়েছে।

দুর্ঘটনার পর মঙ্গলবার জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া ঘটনাটিকে ‘মর্মান্তিক’ হিসেবে বর্ণনা করে বলেন, এ দুর্ঘটনা পরিবহণ ব্যবস্থার গুরুতর কিছু ঘাটতি সামনে এনেছে, যেগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও ফেরিতে প্রকৃতপক্ষে কতজন যাত্রী ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ