বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার গভর্নর মো. মোস্তাকুর রহমানের উপস্থিতিতে ব্যাংকটির দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. মোকসুদুজ্জামান আনুষ্ঠানিকভাবে ব্যাংকের দায়িত্ব সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদারের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে একই অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংকের প্রশাসক মোহাম্মদ আবুল হাসেম সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এই দুই ব্যাংকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে একীভূত পাঁচটি ব্যাংকের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেছে।
অনুষ্ঠানে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার দ্রুততম সময়ে স্বাভাবিক ব্যাংকিং সেবা চালুর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। গ্রাহকদের আস্থা ফেরাতে ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
একই সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে কঠোর সুশাসন প্রতিষ্ঠা, পূর্ণাঙ্গ শরিয়াহ পরিপালন ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং প্রসারের মাধ্যমে এটিকে একটি টেকসই ও জনকল্যাণমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।



















