পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এএমসিএল প্রাণ অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা জানিয়েছে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই)। সম্প্রতি হ্যামকো গ্রুপ ও প্রাণ আরএফএল সরকারের বন্ধ পাটকল লিজ নিচ্ছে বলে একটি সংবাদ প্রকাশ হয়েছে অনলাইন পত্রিকায়। দুই প্রতিষ্ঠান বন্ধ পাটকল ইজারা নিয়ে ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে।
প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে গত ১১ আগস্ট সিএসই কোম্পানিটিকে চিঠি পাঠায়।
সিএসইর চিঠির জবাবে, কোম্পানিটি জানায় “আমরা উল্লেখ করতে চাই যে, মাল্টি-লাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড হলো প্রাণ-আরএফএল-এর একটি ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। মাল্টি-লাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এমএলআইএল) এএমসিএল (AMCL)-এর সাথে সংশ্লিষ্ট কোনো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি (অঙ্গপ্রতিষ্ঠান), সহযোগী বা সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান নয়।”
যদিও MLIL এবং AMCL উভয়ই প্রাণ-আরএফএল (PRAN-RFL) গ্রুপের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান, তবুও এদের ব্যবসা, কার্যক্রম, সম্পদ, দায় এবং আইনি সত্তা একে অপরের থেকে স্বতন্ত্র। সেই অনুযায়ী, সরকারের কাছ থেকে লিজ বা ইজারা গ্রহণ এবং প্রস্তাবিত বিনিয়োগের বিষয়টি ‘মাল্টি-লাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ (Multi-line Industries Ltd.) কর্তৃক সম্পন্ন করা হবে।
জানা গেছে,খুলনার দিঘলিয়ার স্টার জুট মিলস এবং সিরাজগঞ্জের রায়পুরের জাতীয় জুট মিলস ইজারা পাচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপ।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) মুখ্য পরিচালন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মামনুর রশিদ বলেন, খুলনা ও দিনাজপুরের তিনটি পাটকল প্রাণ-আরএফএল ও হ্যামকো গ্রুপকে ইজারা দেওয়া হচ্ছে।
৭৫০ কোটি টাকা বিনিয়োগে প্রাণ-আরএফএল
খুলনার স্টার জুট মিলস ও সিরাজগঞ্জের জাতীয় জুট মিল ইজারা নিয়ে সেখানে বিভিন্ন পণ্য উৎপাদনে প্রায় ৭৫০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা হাতে নিয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ। দুটি কারখানায় সাড়ে ১১ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
জানা গেছে, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত স্টার জুট মিলসের ৫৬ একর জমির মধ্যে প্রায় ৪৬ একর ইজারা পাচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপ। সেখানে উচ্চমূল্যের পাটজাত পণ্য, আসবাব, মিডিয়াম ডেনসিটি ফাইবার (এমডিএফ) বোর্ডসহ বিভিন্ন পণ্য উৎপাদন করতে প্রায় ২৫০ কোটি বিনিয়োগ করবে। এতে ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। কারখানাটি থেকে বার্ষিক ৫০০ কোটি টাকা পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে শিল্পগোষ্ঠীটির।
১৯৬০ সালে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জের জাতীয় জুট মিলসের ৭৫ একরের মধ্যে প্রায় ৩৮ একর জমি ইজারা পাচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপ। সেখানে তারা তৈরি পোশাক, হস্তশিল্প, ব্যাগ, জুতা ও খেলনা উৎপাদনের কারখানা স্থাপনের পাশাপাশি কাঁচামাল, প্যাকেজিং ও পণ্য সংরক্ষণাগার নির্মাণে প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এতে সাড়ে ৬ হাজার মানুষের কর্মসংস্থান হবে। কারখানাটির বার্ষিক টার্নওভার বা লেনদেন হবে প্রায় ৬০০ কোটি টাকা।
বিজনেস আই/


















