অপরিচিত কোনো এলাকায় গিয়ে ভুল রাস্তায় চলে যাওয়া, দীর্ঘ যানজটে আটকে থাকা কিংবা দুর্বল নেটওয়ার্কের কারণে গুগল ম্যাপস ঠিকভাবে কাজ না করার অভিজ্ঞতা কম-বেশি সবারই আছে। অথচ গুগল ম্যাপসের এমন বেশ কিছু বিল্ট-ইন ফিচার রয়েছে, যেগুলো ব্যবহার করলে এসব সমস্যার অনেকটাই এড়ানো সম্ভব। অফলাইন নেভিগেশন থেকে শুরু করে লাইভ লোকেশন শেয়ারিং ও রিয়েল-টাইম ট্রাফিক বিশ্লেষণ—এই অ্যাপের অনেক সুবিধাই এখনও অধিকাংশ ব্যবহারকারীর অজানা।
অফলাইন ম্যাপস
ভ্রমণের আগে ম্যাপস অ্যাপে প্রোফাইল → অফলাইন ম্যাপস থেকে নির্দিষ্ট এলাকার ম্যাপ ডাউনলোড করে রাখা যায়। এরপর মোবাইল ডেটা বা ওয়াই-ফাই না থাকলেও সেই এলাকার রাস্তা, দিকনির্দেশনা এবং গুরুত্বপূর্ণ স্থানগুলো দেখা সম্ভব। পাহাড়ি অঞ্চল, বিদেশ ভ্রমণ বা দুর্বল নেটওয়ার্কের এলাকায় এটি বিশেষভাবে কার্যকর। পাশাপাশি অফলাইন ম্যাপ ডাউনলোড করা থাকলে মোবাইল ডেটাও সাশ্রয় হয়।
লাইভ ভিউ
হেঁটে যাওয়ার জন্য কোনো গন্তব্য নির্বাচন করার পর ডিরেকশন্স → ওয়াক → লাইভ ভিউ চালু করলে ফোনের ক্যামেরার ওপর বাস্তব রাস্তার সঙ্গে মিলিয়ে তীরচিহ্ন দিয়ে নির্দেশনা দেখা যায়। অগমেন্টেড রিয়ালিটি (এআর) প্রযুক্তিভিত্তিক এই ফিচার অপরিচিত রাস্তা বা জটিল মোড়ে ভুল পথে চলে যাওয়ার সম্ভাবনা অনেক কমিয়ে দেয়।

লোকেশন শেয়ারিং
প্রোফাইল → লোকেশন শেয়ারিং অপশন থেকে নির্দিষ্ট ব্যক্তি এবং সময় নির্বাচন করে নিজের লাইভ লোকেশন শেয়ার করা যায়। ভ্রমণের সময় বন্ধু বা পরিবারের সদস্যরা আপনার বর্তমান অবস্থান দেখতে পারেন, ফলে নিরাপত্তা বাড়ে এবং কাউকে খুঁজে পেতেও সুবিধা হয়। বিশেষ করে রাতে ভ্রমণ বা নতুন এলাকায় গেলে এই ফিচার বেশ কার্যকর।
রিয়েল-টাইম ট্রাফিক ও বিকল্প রুট
কোনো গন্তব্য নির্বাচন করে ডিরেকশন্স চাপলেই গুগল ম্যাপস বর্তমান যানজট, দুর্ঘটনা, রাস্তা বন্ধ থাকা এবং সম্ভাব্য একাধিক রুট দেখায়। প্রতিটি রুটের রিয়েল টাইম যানজটের অবস্থা ও আনুমানিক সময় আলাদাভাবে প্রদর্শিত হয়। ফলে কম যানজটের পথ বেছে নিয়ে সময় ও জ্বালানি—দুটিই সাশ্রয় করা সম্ভব।
ট্রিপ লিস্ট ও সেভড প্লেসেস
কোনো রেস্টুরেন্ট, দর্শনীয় স্থান বা হোটেলের লোকেশন খুলে ‘সেইভ’ অপশনটি নির্বাচন করলে সেগুলো একটি লিস্টে সংরক্ষণ করা যায়। চাইলে একই তালিকায় একাধিক স্থান যোগ করে পুরো ভ্রমণ পরিকল্পনা আগেই সাজিয়ে রাখা যায়। বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গেও সেই তালিকা শেয়ার করা সম্ভব, ফলে গ্রুপ ট্রিপ পরিকল্পনা অনেক সহজ হয়ে যায়।
টাইমলাইন
অ্যাপ থেকে প্রোফাইল → ইওর টাইমলাইন অপশনে গেলে লোকেশন হিস্ট্রি চালু থাকলে অতীতে কোথায় গিয়েছেন, কোন পথে যাতায়াত ছিল এবং কোন দিনে কোন স্থান ভিজিট করেছেন—তার বিস্তারিত রেকর্ড দেখা যায়। পুরোনো কোনো জায়গার নাম মনে না থাকলে বা ভ্রমণের তথ্য পরে প্রয়োজন হলে এই ফিচার বেশ উপকারী।

















