ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

মধ্যরাতে মোদির ভিডিওবার্তা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে যা জানা গেল

দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে ব্যাপক ‘ইতিবাচক সাড়া’ পাওয়ায় তরুণ প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (২৪ জুলাই) মধ্যরাতে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি জানান, তার বক্তব্যে যেভাবে শিক্ষার্থী ও তরুণরা ইতিবাচক সাড়া দিয়েছেন, তাতে তিনি আনন্দিত।

প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের মতো স্পর্শকাতর বিষয় প্রতিরোধে সরকার দ্রুত বিচার আদালত (ফাস্ট ট্র্যাক কোর্ট) গঠনের পরিকল্পনা করছে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, আগামীকাল মন্ত্রিসভায় এ বিষয়ে আলোচনা হবে। মন্ত্রিসভার সদস্যদের পরামর্শ অনুযায়ী এটিকে চূড়ান্ত রূপ দেয়া হবে। এরপর সংসদে আমরা যত দ্রুত সম্ভব বিলটি পাস করানোর চেষ্টা করব।

প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ ঘটনা নয়; এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি জানান, গত আড়াই মাসে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দোষীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের মূল্যবান একটি বছর যেন নষ্ট না হয়, সে লক্ষ্যে দ্রুত পরীক্ষা নেওয়ার ওপর জোর দেন তিনি।

এদিকে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষা সচিব বিনীত জোশীকে বদলি করা হয়েছে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে ৪৭ জন কর্মচারীকে বরখাস্ত করেছে কেন্দ্র।

তবে আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে। তারা এনইইটি কাণ্ডে হতাশ হয়ে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিও জানিয়েছে। যদিও সরকারি সূত্র নিশ্চিত করেছে, শিক্ষামন্ত্রীর ওপর পার্টির পূর্ণ সমর্থন রয়েছে এবং তাকে পদ থেকে সরানো হচ্ছে না।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ