ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

আন্দোলনের মুখে অবরুদ্ধ দিল্লি মেট্রো, অচলাবস্থায়

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে টানা দ্বিতীয় দিনের মতো দিল্লির বেশ কিছু গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রোরেল কর্পোরেশন (ডিএমআরসি)। আকস্মিক এই সিদ্ধান্তের ফলে সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

দিল্লির বিখ্যাত জন্তর মন্তর এলাকায় গত দুই মাস ধরে ‘ককরোচ জনতা পার্টি’ নামের একটি সংগঠনের আন্দোলন চলছে। সাম্প্রতিক দিনগুলোতে এই বিক্ষোভ আরও জোরদার রূপ নিলে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কর্তৃপক্ষ এই কঠোর পদক্ষেপ নেয়। জানা গেছে, গত বুধবার স্টেশনগুলো দীর্ঘ ৮ ঘণ্টা বন্ধ রাখার পর পুনরায় চালু করা হয়েছিল। তবে আন্দোলনকারীদের ভিড় ক্রমেই বাড়তে থাকায় আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবার স্টেশনগুলোতে যাত্রী চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় দিল্লি মেট্রোরেল কর্তৃপক্ষ বন্ধ থাকা স্টেশনগুলোর তালিকা প্রকাশ করেছে। তালিকায় থাকা স্টেশনগুলো হলো- লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাকহাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম।

হঠাৎ মেট্রো সেবা স্তব্ধ হয়ে যাওয়ায় রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে সাধারণ যাত্রীদের ভিড় উপচে পড়ে। বিকল্প হিসেবে বাসে ওঠার জন্য মোড়ে মোড়ে দীর্ঘ সারি দেখা গেছে, আবার অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে ট্যাক্সি ও ক্যাব শেয়ার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। হঠাৎ এমন গণপরিবহন সংকটে সাধারণ মানুষের দৈনিক কর্মজীবনে বড় ধরনের স্থবিরতা তৈরি হয়েছে।

সূত্র: দ্য উইক

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ