আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করা, পুলিশকে হুমকি প্রদান ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
রোববার (২১ জুন) রাত ৮টা থেকে সোমবার (২২ জুন) দুপুর ১২টা পর্যন্ত জিএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে।
জিএমপি সূত্র জানায়, নিষিদ্ধ সংগঠন যুবলীগের একটি মিছিলকে কেন্দ্র করে সরকারি কাজে বাধা, পুলিশের কাজে হুমকি ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে মেট্রো সদর থানা পুলিশ-১, বাসন থানা পুলিশ- ২, টঙ্গী পূর্ব থানা- ১, গাছা থানা- ৪, পূবাইল থানা- ১, কাশিমপুর থানা পুলিশ- ৫ ও ডিবি (উত্তর) সদস্যরা ১ জনসহ মোট ১৫ জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।
জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, মহানগরজুড়ে অভিযান অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট ঘটনায় জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত কার্যক্রম জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।



















