ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

প্রশাসক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পায়নি ২ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ও জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি প্রশাসক নিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কোন আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার পাঠানো চিঠির ব্যাখ্যায় এমন তথ্য জানিয়েছে কোম্পানি দুইটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য মতে, সম্প্রতি পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সে বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইন্টারন্যাশনাল লিজিং ও জিএসপি ফাইন্যান্স। তারা জানিয়েছে, এ ধরনের কোনো পদক্ষেপের বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা বা আদেশ তাদের কাছে পৌঁছায়নি।

স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে পাঠানো চিঠির জবাবে ইন্টারন্যাশনাল লিজিং জানিয়েছে, অনলাইন সংবাদে প্রকাশিত প্রশাসক নিয়োগসংক্রান্ত বিষয়ে তারা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কোনো লিখিত নির্দেশনা বা আদেশ পায়নি।

একই ধরনের ব্যাখ্যা দিয়েছে জিএসপি ফাইন্যান্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রশাসক নিয়োগের সম্ভাব্য সিদ্ধান্তের বিষয়টি তারা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক চিঠি, নোটিশ বা ই-মেইল আসেনি।

তবে জিএসপি ফাইন্যান্স উল্লেখ করেছে, উচ্চ খেলাপি ঋণ, তারল্য সংকট এবং আমানতকারীদের পাওনা পরিশোধসংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংক আগে ২০টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চেয়েছিল। সেই চিঠির জবাব নির্ধারিত সময়ের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া হয়েছে।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা এলে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ কার্যক্রম, পুনর্গঠন প্রক্রিয়া এবং বিনিয়োগকারীদের আস্থার ওপর তার গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে। এদিকে বিনিয়োগকারীরা এখন বাংলাদেশ ব্যাংকের পরবর্তী পদক্ষেপ এবং সম্ভাব্য আনুষ্ঠানিক ঘোষণার দিকে নজর রাখছেন।

প্রসঙ্গত, দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও চরম অব্যবস্থাপনায় অচল হয়ে পড়া পাঁচটি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ