ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৫:১১ অপরাহ্ন

পুঁজিবাজারে লেনদেনের সময় ১০ মিনিট বেড়েছে

দেশের পুঁজিবাজারে বুধবার (১৭ জুন) থেকে লেনদেনের সময় ১০ মিনিট বাড়ছে। বুধবার সকাল ১০টায় মূল লেনদেন শুরু হয়ে একটানা তা চলবে বেলা ২টা পর্যন্ত। এরপর ১০ মিনিট পোস্ট ক্লোজিং বা লেনদেন সমাপনী কার্যক্রম চলবে। অর্থাৎ চূড়ান্তভাবে লেনদেন শেষ হবে বেলা ২টা ১০ মিনিটে। ফলে পুঁজিবাজারের লেনদেনের সময় ১০ মিনিট বাড়ছে আগামীকাল থেকে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

আজ মঙ্গলবার পর্যন্ত শেয়ারবাজারের লেনদেন চলেছে সকাল ১০টা থেকে একটানা বেলা ২টা পর্যন্ত। এর মধ্যে সকাল ১০টা থেকে বেলা ১টা ৫৫ মিনিট পর্যন্ত মূল লেনদেন। আর ১টা ৫৫ মিনিট থেকে ২ টা পর্যন্ত পোস্ট ক্লোজিং লেনদেন। আগামীকাল থেকে মূল লেনদেন সময় ৫ মিনিট ও পোস্ট ক্লোজিং সময় ৫ মিনিট বাড়ছে।

এর আগে গত ৪ এপ্রিল বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি–বেসরকারি অফিসের নতুন সময়সূচির সঙ্গে সংগতি রেখে শেয়ারবাজারেও লেনদেনের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনে ডিএসই ও সিএসই। ওইসময় ৩০ মিনিট লেনদেনের সময় কমিয়ে আনা হয়।

এপ্রিলে ওই পরিবর্তনের আগে ডিএসইতে সকাল ১০টা থেকে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত ছিল মূল লেনদেন। আর ২টা ২০ মিনিট থেকে আড়াইটা পর্যন্ত ১০ মিনিট ছিল পোস্ট ক্লোজিং লেনদেন।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ